Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বোমা-গুলি বিজেপি নেতার বাড়িতে, উত্তেজনা শিবপুরে

জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার আহ্বায়কের বাড়িতে বোমাবাজি ও গুলি চালানো হল। এই অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে শিবপুরের চওড়া বস্তি এলাকা

বোমা-গুলি বিজেপি নেতার বাড়িতে, উত্তেজনা শিবপুরে
  • ৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার আহ্বায়কের বাড়িতে বোমাবাজি ও গুলি চালানো হল। এই অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে শিবপুরের চওড়া বস্তি এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।

Advertisement

বিজেপির অভিযোগ, শিবপুরের ৩৬ নম্বর ওয়ার্ডের চওড়া বস্তি এলাকায় দলের সংখ্যালঘু মোর্চার আহ্বায়ক সিকান্দার খানের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। এলাকার কুখ্যাত দুষ্কৃতী শামিম আহমেদ ওরফে বোরের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। বোমাবাজির পাশাপাশি গুলিও চালানো হয় বলে দাবি বিজেপির। ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। সিকান্দার খানের ভাইপো রেহান খান বলেন, আমার কাকা দীর্ঘদিন বিজেপি করেন। সেই কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের উপর হামলা চালিয়েছে। ওরা হেরে গিয়েও আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এলাকায় পরপর ১০ থেকে ১২টি বোমা ফাটানো হয়। ইট ও কাচের বোতল ছোড়া হয়। এমনকী বাড়ির ছাদ থেকেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। সাত থেকে আট রাউন্ড গুলিও চালানো হয়েছে বলে স্থানীয়দের দাবি। ঘটনায় কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন।
বিজেপির জেলা সদরের সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য বলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। নির্বাচনের পর লাগাতার বিজেপি কর্মীদের উপর হামলা হচ্ছে। আমরা চুপ করে থাকলেও এই জঙ্গলরাজ চলতে দেওয়া হবে না। পুলিশ সূত্রে খবর, ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তবে মূল অভিযুক্ত শামিম আহমেদ ওরফে বোরের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, তোলাবাজি ও বোমাবাজি সহ একাধিক মামলায় অতীতেও জেলে খেটেছে ওই দুষ্কৃতী। এনআই-এর ওয়ান্টেড তালিকাতেও নাম রয়েছে তার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ