Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যের একাধিক ডাকঘরে বোমাতঙ্ক

কলকাতা থেকে কোচবিহার, কাকদ্বীপ থেকে বর্ধমান, আলিপুরদুয়ার থেকে রামপুরহাট- বিভিন্ন শহর থেকে বোমাতঙ্কের খবর মিলেছে।

রাজ্যের একাধিক ডাকঘরে বোমাতঙ্ক
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:০২
Prefer us on Google

কলকাতা, ২৬ ফেব্রুয়ারি: বিস্ফোরণের হুমকি ঘিরে বৃহস্পতিবার হুলুস্থুল বাংলার বিভিন্ন সরকারি দপ্তরে। গত দু’দিনে বিভিন্ন আদালতে হুমকি ই-ইমেল এসেছিল। যদিও পরে বোঝা যায় পুরোটাই গুজব। আর এবার প্রধান টার্গেট ডাকঘর। সঙ্গে একাধিক পাসপোর্ট সেবা কেন্দ্রও। কলকাতা থেকে কোচবিহার, কাকদ্বীপ থেকে বর্ধমান, আলিপুরদুয়ার থেকে রামপুরহাট- বিভিন্ন শহর থেকে বোমাতঙ্কের খবর মিলেছে। এমনকী বাদ পড়েনি কলকাতা, বনগাঁ এবং শ্রীনিকেতনের পাসপোর্ট সেবা কেন্দ্র। পুলিশ ঘটনাস্থলে এসেছে। শুরু হয়েছে তল্লাশি। বেশ কয়েকটি স্থানে পুলিশ কুকুর আনা হয়েছে।

Advertisement

এদিন সকাল থেকে তমলুক, কাটোয়া, আসানসোল, রামপুরহাট, কোচবিহার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, আলিপুরদুয়ার, বর্ধমান, বালুরঘাট, কাকদ্বীপ ও বারাকপুরের প্রধান পোস্ট অফিসে হুমকি ই-মেলের খবর আসতে শুরু করে। একই হুমকি পাঠানো হয় কলকাতার রিজেন্ট পার্ক ডাকঘরেও। নিরাপত্তার কথা মাথায় রেখে গ্রাহকের বের করে দিয়ে বন্ধ করে দেওয়া হয় দরজা। বেরিয়ে আসেন কর্মচারীরা। খবর পেয়ে স্থানীয় থানা থেকে পুলিশ ছুটে আসে। এখনও পর্যন্ত কোথাও কোনও সন্দেহজনক বস্তু মেলেনি বলে জানা গিয়েছে। এই হুমকি ইমেল কে বা কারা পাঠিয়েছে, তা তদন্ত  করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

সম্পর্কিত সংবাদ