নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিমানবন্দরে বিস্ফোরক রাখা আছে, উড়িয়ে দেওয়া হবে। এমনই হুমকি মেইল ঘিরে বৃহস্পতিবার আতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দরে। দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ এই হুমকি মেইল আসে কলকাতা বিমানবন্দরের ম্যানেজারের কার্যালয়ে। এরপর নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়। চিরুনি তল্লাশি শুরু হয়। দীর্ঘক্ষণ তল্লাশির পর বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি। হুমকি মেইলটি কোথা থেকে এসেছে, তার তদন্ত শুরু হয়েছে।
অন্যদিকে, এদিন কলকাতা থেকে দুপুরের বিমানে দিল্লি যাওয়ার বিমান ধরার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুপুর ৩টে নাগাদ তাঁর দিল্লিগামী বিমান ছিল। কিন্তু সেটি নির্ধারিত সময়ে ছাড়েনি। পরে সেটি ৩টা ৪৫ মিনিট ছাড়ার কথা ছিল। তারপর সেই সময় বদলে ৪টা ৪৫ মিনিট হয়। কেন দেরিতে বিমান চলাচল, তা আগে থেকে জানানো হয়নি বলে অভিযোগ সাংসদ দোলা সেনের। এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিধায়ক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লির কর্মসূচি দেরি করাতেই বিমান চলাচলল দেরি কি না, তা নিয়ে প্রশ্ন উঠবেই।