


ডেনভার (আমেরিকা): যাত্রীরা যে যার আসনে বসে পড়েছেন। বন্ধ হয়ে গিয়েছে দরজা। টেক অফের প্রস্তুতি চলছে। উড়ে যাওয়ার কয়েক মুহূর্ত আগে আগুন ধরে গেল বোয়িংয়ের একটি যাত্রীবাহী বিমানে। যার জেরে সফর বাতিল করে তড়িঘড়ি নামিয়ে আনা হয় সমস্ত যাত্রীকে। এতে একজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
জানা গিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে আমেরিকার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭৩ যাত্রী ও ছ’জন ক্র সদস্য নিয়ে উড়ে যাওয়ার অপেক্ষায় ছিল আমেরিকান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৪৭ ম্যাক্স ৮ বিমান। গন্তব্য মিয়ামি। হঠাৎ বিকট শব্দ। এর পরে বিমানের পেছনের অংশ থেকে ধোঁয়া ও আগুন দেখা যায়। ল্যান্ডিং গিয়ারে সমস্যা থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, বিমানটি তখনও রানওয়েতে দাঁড়িয়ে। ধোঁয়ার মধ্যে যাত্রীরা স্লাইড ব্যবহার করে দ্রুত সেখান থেকে নামছেন। এভাবে ১৭৩ যাত্রী ও ছয়জন ক্রু সদস্য সবাই নিরাপদে বের হয়ে আসেন। ডেনভার দমকল দপ্তর জানিয়েছে, ঘটনাস্থলে পাঁচজনের প্রাথমিক চিকিৎসা করা হয় এবং একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।