গুয়াহাটি: ‘মা, ওরা আমাকে মেরে ফেলবে’। রাত দুটো নাগাদ ফোন করেছিলেন তরুণী। তারপরই কেটে যায় ফোন। শনিবার ভোরে গুয়াহাটির হোমস্টে থেকে ২২ বছরের ওই তরুণীর দেহ উদ্ধার। তরুণীর নাম নিমিশা ঠাকুরিয়া। তিনি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যার ছাত্রী। এই ঘটনায় তরুণীর সঙ্গে থাকা ২৬ বছরের যুবক আসিফ আলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, নিমিশাকে খুন করা হয়েছে। জানা গিয়েছে, গুয়াহাটির গড়াল এলাকার ওই হোমস্টেতে নিমিশা ও আসিফ ছিলেন। আসিফের দাবি, নিমিশা আত্মহত্যা করেছেন। তবে তাঁর এই দাবি মানতে নারাজ পুলিশ। গুয়াহাটি পশ্চিমের ডিসিপি বলিন দেওরি জানিয়েছেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে। ঘটনাটি খুন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দেহে বা ঘরের মেঝেতে কোনো রক্তের দাগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্টও হাতে আসেনি। পরিবার সূত্রে খবর, রাত ২টো নাগাদ নিমিশা তাঁর মাকে ফোন করেছিলেন। ফোনে তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘মা, ওরা আমাকে মেরে ফেলবে।’ এরপরই তাঁর ফোনটি কেটে যায়। পরিবারের দাবি, সম্ভবত ফোনটি কেড়ে নেওয়া হয়। শুক্রবার বিকেল ৫টা নাগাদ নিমিশা বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরিবারকে জানিয়েছিলেন, এক বন্ধুর বাড়িতে যাচ্ছেন। রাত ৮টা নাগাদ মাকে নিমিশা জানান, তাঁরা খাওয়া দাওয়া করছেন। দেরি হলে সেখানে রাতে থেকে যাবেন বলে জানান তিনি।



