নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার হল রবিবার সকালে। শনিবার সালকিয়ার বাঁধাঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় রূপম গঙ্গোপাধ্যায় (১৫)। রবিবার বেলুড়ের মরাপোড়া ঘাটের অদূরে ভাঁড়ওয়ালা ঘাটে গঙ্গার চড়ায় ঝোপের ধার থেকে তার দেহ উদ্ধার হয়। দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া থানার পুলিশ। জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ন’টা নাগাদ বন্ধুদের সঙ্গে বাঁধাঘাটে গঙ্গায় স্নান করতে নামে রূপম। আচমকাই রূপম এবং তার এক বন্ধু জলের টানে ভেসে যায়। অন্য বন্ধুটি কোনওরকমে রক্ষা পেলেও তলিয়ে যায় রূপম। এরপর সারাদিন তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি। এদিন সকালে ভাঁড়ওয়ালা ঘাটে গঙ্গার চড়ায় ঝোপের ধারে একটি মানুষের পা বেরিয়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বেলুড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শনিবার মালিপাঁচঘড়া থানায় রূপমের নিখোঁজ হওয়ার খবর দেওয়া হয়েছিল। এরপর তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিবারের সদস্যরা ঘাটে গিয়ে দেহটি রূপমের বলে শনাক্ত করেন। দেহ দেখেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।



