নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দুটি পৃথক এলাকায় দুই যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। সোমবার একটি দেহ উদ্ধার হয় ভাঙড়ে এবং অপরটি ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির হালদারপাড়ায়। জানা গিয়েছে, এদিন ভাঙড়ের উত্তর কাশীপুর থানার চণ্ডীহাটের মাঝেরপাড়া এলাকায় রাস্তার ধারে কওসার খান (৪১) নামে একজনের রক্তাক্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, নিজের বাড়ির অদূরেই মৃতের দেহ পাওয়া যায়। তাঁর মুখ ইট দিয়ে মেরে থেতলে দেওয়া হয়েছে। এই ঘটনায় কওসরের ঘনিষ্ঠ আত্মীয়কেই সন্দেহ করছেন তদন্তকারীরা। মদ্যপ অবস্থায় কওসার প্রায়ই বাড়িতে অশান্তি করতেন বলে তাঁরা জানতে পেরেছেন। সেটা সহ্য করতে না পেরেই তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। ওই আত্মীয় আপাতত গা ঢাকা দিয়েছেন। তাঁর বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করছে পুলিশ।



