নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের কালনাগেটের লোকো গোলঘর এলাকায় একটি বাড়ি থেকে প্রেমিক-প্রেমিকার মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে। পুলিশ প্রেমিকের মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। প্রেমিকের মৃতদেহ বিছানার উপর পড়েছিল। বাড়ি ভাড়া নিয়ে তাঁরা আলাদাভাবে থাকতেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবক আত্মহত্যা করেছেন। কিন্তু প্রেমিকার মৃত্যু কীভাবে হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। দু’-তিনদিন আগেই তাঁরা মারা গিয়েছেন। পচা গন্ধ আসতে দেখে এলাকার বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা বর্ধমান থানায় খবর দেন। পুলিশ দরজা ভেঙে পচাগলা মৃতদেহ উদ্ধার করে। সোমবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃতদেহ দু’টির ময়নাতদন্ত করা হয়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম আকাশ দাস(২৫)। তাঁর বাড়ি শহরের বড়নীলপুর এলাকায়। যুবতী দেবলীনা করের(২১) বাড়ি শাঁখারিপুকুরে। আকাশ ফটোগ্রাফির কাজ করতেন। তাঁদের দু’জনের মধ্যে বহুদিন আগেই প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে হওয়ারও কথা ছিল। তারপরও কেন এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কালনাগেট এলাকার বাসিন্দারা বলেন, তাঁরা বাড়িভাড়া নিয়ে থাকলেও স্থানীয়দের সঙ্গে সম্পর্ক রাখতেন না। রোজ বাইক নিয়ে তাঁরা বাড়ি থেকে বের হয়ে যেতেন। রাত ১১টা নাগাদ তাঁরা বাড়ি ফিরতেন।



