বিহারে নৌকাডুবি:  দুই আধিকারিককে শোকজ নোটিস, তদন্ত কমিটি গঠন
  • ১৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: বিহারের বৈশালিতে মর্মান্তিক দুর্ঘটনায় কড়া পদক্ষেপ নিল প্রশাসন। নৌকাডুবিতে ১৩ শিশুর মৃত্যুর ঘটনায় স্থানীয় সার্কেল অফিসার (সিও) এবং স্টেশন হাউজ অফিসার (এসএইচও)কে  শোকজ নোটিশ দিয়েছেন জেলাশাসক বর্ষা সিং। ওই দুই আধিকারিকের বেতনও স্থগিত রাখা হয়েছে। এদিন ঘটনাস্থলে গিয়ে জেলাশাসক জানিয়েছেন, ‘দুর্ঘটনাগ্রস্ত নৌকাটি ব্যক্তিগত মালিকানাধীন। ঘটনার তদন্তে একটি বিশেষ কমিটি গড়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেবে ওই কমিটি। নৌকার মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ মঙ্গলবার রাতে বিহারের বৈশালিতে গঙ্গায় নৌকাডুবিতে মৃত্যু হয় ১৩ জন নাবালকের। তাঁদের মধ্যে ৯ জনই বালিকা। আরও ৬ জনকে উদ্ধার করে নালন্দা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। তাদের প্রত্যেকের অবস্থাই স্থিতিশীল। এদিন আহতদের সঙ্গে দেখা করেন বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার ও কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার দিনভর তল্লাশি চালিয়েও নতুন কোনো দেহ উদ্ধার হয়নি।  ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। জখমদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। দিল্লি থেকে ফিরে বিরোধী দলনেতা তেজস্বী যাদবও ঘটনাস্থলে যাবেন। 

Advertisement