রোহিত-বিরাটের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য বোর্ড সভাপতির
  • ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: রোহিত শর্মা ও বিরাট কোহলি কি আসন্ন ওডিআই বিশ্বকাপে খেলবেন? এই নিয়ে ক্রিকেটমহলে চর্চা অব্যাহত। সম্প্রতি তাঁরা উজ্জ্বল পারফরম্যান্স মেলে ধরলেও আশঙ্কার মেঘ পুরোপুরি কাটেনি। কারণ আগামী বছর বিরাটের বয়স হবে ৩৮। আর রোহিতের ৪০। তবে বিসিসিআই প্রেসিডেন্ট মিঠুন মানহাস বয়সটাকে বড় ফ্যাক্টর মনে করছেন না। বিরাট ও রোহিতকে বিশ্বকাপে খেলতে দু’টি প্রধান শর্ত দিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে মিঠুন বলেন, ‘বিসিসিআইয়ের পক্ষে এই বিষয়ে এখনই কিছু বলার নেই। কারণ, পুরো ব্যাপারটাই নির্ভর করছে নির্বাচক এবং কোচের উপর। তবে আমার মতে, বয়সটা বড় ফ্যাক্টর নয়। বিশ্বকাপ খেলার জন্য প্রধান দু’টি শর্ত হওয়া উচিত, ফিটনেস ও পারফরম্যান্স।’

Advertisement

বোর্ড প্রেসিডেন্টের সংযোজন, ‘কেউ যদি ভালো খেলে ম্যাচ জেতাতে পারে, তাকে নিয়ে চিন্তা থাকারই কথা নয়। আর বিরাট, রোহিত, হার্দিকের উপস্থিতি সাহায্য করবে ক্যাপ্টেন শুভমান গিলকেও। যশপ্রীত বুমরাহও রয়েছে। ও বোলিং ক্যাপ্টেনের দায়িত্ব সামলে দেবে। আর প্রত্যেকেই চাপ কাটিয়ে সেরা পারফরম্যান্স মেলে ধরতে জানে।’ বলাই বাহুল্য, রোহিত-বিরাটের আগামী বিশ্বকাপে খেলার সম্ভাবনা প্রবল। কারণ, যে দু’টি শর্ত তিনি দিয়েছেন, এখনও পর্যন্ত তাতে লেটার মার্কস পাবেন দু’জনই। সম্প্রতি দুই তারকা ব্যাটারই উজ্জ্বল পারফরম্যান্স মেলে ধরেছেন। আর বিরাট কোহলির ফিটনেস নিয়ে সংশয়ের প্রশ্নই নেই। তাঁর ফিটনেস ১৮ বছরের তরুণকেও লজ্জায় ফেলবে। ওজন ঝরিয়ে রোহিতও এখন বেশ ফিট। এখন সেটা আগামী বছর পর্যন্ত তাঁরা ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।