Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বেনফিকার চ্যালেঞ্জ টপকাতে তৈরি বার্সা

বেনফিকার চ্যালেঞ্জ টপকাতে তৈরি বার্সা
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
লিসবন: প্রায় এক মাস পর ফের বল গড়াচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে বেনফিকার বিরুদ্ধে লড়াইয়ে নামবে বার্সেলোনা। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সরাসরি প্রি কোয়ার্টার ফাইনালের পথে এক পা বাড়িয়ে রেখেছে কাতালন ক্লাবটি। পর্তুগিজ ক্লাবটিকে হারিয়ে তা নিশ্চিত করাই লক্ষ্য হান্স ফ্লিক ব্রিগেডের। তবে লা লিগায় বার্সার সাম্প্রতিক ফর্ম বেশ চিন্তায় রাখছে জার্মান কোচকে। শেষ আট ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ের মুখে দেখেছেন রবার্ট লিওয়ানডস্কিরা। শনিবার গেতাফের বিরুদ্ধে লিড নিয়েও জিততে ব্যর্থ বার্সা। চ্যাম্পিয়ন্স লিগে তার প্রভাব পড়বে না বলেই আশাবাদী ফ্লিক। প্রতিপক্ষের চ্যালেঞ্জ টপকাতে আত্মবিশ্বাসী তিনি।
Advertisement
লা লিগায় একের পর এক ম্যাচে পয়েন্ট নষ্ট করলেও বাকি টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে বার্সা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পাঁচ গোলের মালা পরিয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হয় কাতালন ক্লাবটি। পাশাপাশি কোপা ডেল রে’র শেষ আটের টিকিট নিশ্চিত করেছে তারা। তাই চ্যাম্পিয়ন্স লিগেও সেই ধারা বজায় রাখাই লক্ষ্য কোচ ফ্লিকের। বেনফিকার বিরুদ্ধে শেষ সাক্ষাতে অ্যাওয়ে ম্যাচে হারের মুখ দেখেছিল বার্সা। ২০২১ সালে প্রথম লেগে ০-৩ গোলে বশ মানে তারা। তাই ধারেভারে অনেক পিছিয়ে থাকলেও, পর্তুগিজ ক্লাবটিকে বেশ সমীহ করছেন বার্সা কোচ।
দিনের অপর ম্যাচে ফরাসি ক্লাব লিলের বিরুদ্ধে লড়াইয়ে নামবে লিভারপুল। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে শীর্ষস্থান ধরে রেখেছে আর্নে স্লটের ছেলেরা। মঙ্গলবার ঘরের মাঠে জিতে তা ধরে রাখাই লক্ষ্য অ্যানফিল্ডের ক্লাবটির। উল্লেখ্য, শেষ ২৮ ম্যাচে মাত্র একটিতে হেরেছে লিভারপুল। এর মধ্যে জিতেছে ২৩টিতে। তাই মঙ্গলবার সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য সালাহদের।
Advertisement
সম্পর্কিত সংবাদ