Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বাঙ্গারের তত্ত্বাবধানে অনুশীলন কোহলির

বাঙ্গারের তত্ত্বাবধানে অনুশীলন কোহলির
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই: বৃহস্পতিবার রাজধানীতে রেলওয়েজের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে নামবে দিল্লি। সেই ম্যাচের জন্য সোমবারই সরকারিভাবে ঘোষিত হল দল। আয়ুশ বাদোনির নেতৃত্বাধীন সেই স্কোয়াডে রয়েছেন বিরাট কোহলি। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনও করবেন তিনি। সেজন্য এদিন বিকেলের দিকে মুম্বই থেকে দিল্লির উড়ান ধরেন ভিকে। তবে তার আগে আরব সাগরের পাড়ে আলিবাগে প্রায় সপ্তাহখানেক ট্রেনিং সেরেছেন তিনি। ব্যাটিংয়ের টেকনিক সারানোর উদ্দেশে ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের সাহায্য নেন ৩৬ বছর বয়সি মহাতারকা। সেখানে এক ভক্তকে নিজের গ্লাভস উপহার দেন তিনি। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল। উল্লেখ্য, বাঙ্গার এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও কোচ ছিলেন। 
Advertisement
ভিডিওতে দেখা গিয়েছে মাঝপিচ থেকে বল ছুড়ে কোহলির ব্যাকফুট ডিফেন্স মজবুত করার চেষ্টায় ব্যস্ত বাঙ্গার। ডনের দেশে কিছুদিন আগে বর্ডার-গাভাসকর ট্রফিতে অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে খোঁচা দিয়েই বারবার আউট হয়েছেন কোহলি। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেও তারপর ফের ছন্দহীন হয়ে পড়েন তিনি। ক্রমাগত ব্যর্থতায় জল্পনা শুরু হয় কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে। এই আবহেই প্রায় সাতদিন ধরে বাঙ্গারের তত্ত্বাবধানে কোহলির অনুশীলন ইঙ্গিতবহ। বোঝাই যাচ্ছে, টেকনিকের ত্রুটি সারিয়ে রানে ফিরতে মরিয়া তিনি। এখন দেখার, রনজি ট্রফিতে তিনি রান পান কিনা।
দীর্ঘ ১৩ বছর পর কোহলির রনজি খেলা নিয়ে ক্রিকেট মহলে রীতিমতো উৎসাহ। তবে সরাসরি সম্প্রচার হবে না এই ম্যাচ। ক্রিকেটপ্রেমীরা অবশ্য মাঠে এসে দেখতে পারেন খেলা। সেজন্য খুলে দেওয়া হচ্ছে ফিরোজ শাহ কোটলার তিনটি স্ট্যান্ড। বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও। শুধু ভক্তরাই নন, দিল্লি দলের সতীর্থরাও কোহলির সঙ্গে একই ড্রেসিং-রুমে থাকা নিয়ে রোমাঞ্চিত। নবদীপ সাইনি ছাড়া ঘোষিত দিল্লি দলের কারও এই অভিজ্ঞতা নেই। উল্লেখ্য, গত ম্যাচে পন্থ দিল্লির হয়ে খেললেও রেলওয়েজের বিরুদ্ধে নেই তিনি।
কোহলির নজর অবশ্য শুধু চারদিনের রনজি ম্যাচে নেই। ফেব্রুয়ারির ৬ তারিখে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু তিন ম্যাচের ওডিআই সিরিজ। তার ঠিক চার দিন আগে রনজি ম্যাচ শেষ হওয়ার কথা। ফলে লাল বলের ফরম্যাটে খেলে উঠেই সাদা বলে পঞ্চাশ ওভারের ক্রিকেটে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ কোহলির সামনে। তার কয়েক দিন পরই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির অগ্নিপরীক্ষা।
এদিকে, রনজির এই পর্বে তারকাদের মধ্যে খেলবেন কর্ণাটকের লোকেশ রাহুল, সৌরাষ্ট্রের রবীন্দ্র জাদেজা, হায়দরাবাদের মহম্মদ সিরাজ, অসমের রিয়ান পরাগ।
Advertisement
সম্পর্কিত সংবাদ