Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিএন বসু হাসপাতালের সংস্কার জোর কদমে, বদলে যাচ্ছে ওয়ার্ডের চেহারা

রোগীদের সুবিধার্থে প্রায় দু’কোটি টাকা ব্যয়ে সাজিয়ে তোলা হচ্ছে বারাকপুরের বি এন বসু হাসপাতাল। পুরনো বিল্ডিংয়ের খোলনলচে বদলে দেওয়া হচ্ছে।

বিএন বসু হাসপাতালের সংস্কার জোর কদমে, বদলে যাচ্ছে ওয়ার্ডের চেহারা
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রোগীদের সুবিধার্থে প্রায় দু’কোটি টাকা ব্যয়ে সাজিয়ে তোলা হচ্ছে বারাকপুরের বি এন বসু হাসপাতাল। পুরনো বিল্ডিংয়ের খোলনলচে বদলে দেওয়া হচ্ছে। মেঝে ও দেওয়ালে বসানো হচ্ছে নতুন টাইলস। বদল করা হচ্ছে দরজা-জানালা। তৈরি হয়েছে নতুন শৌচালয়। বদলে যাচ্ছে ওয়ার্ডের চেহারা। ১৮৫৭ সালে প্রতিষ্ঠিত হাসপাতালের বর্তমান বেড সংখ্যা ২৭২।  

Advertisement

হাসপাতালে গিয়ে দেখা গেল, পুরনো বিল্ডিংয়ের প্রথম ও চতুর্থতল থেকে রোগীদের সরিয়ে সংস্কারের কাজ চলছে জোর কদমে। একেবারে নতুন চেহারায় দেখা যাচ্ছে ফিমেল ওয়ার্ড। সেখানকার রোগীদের স্থানান্তরিত করা হয়েছে। এক একটি ফ্লোরের কাজ করছে পূর্তদপ্তর। দপ্তর সূত্রে জানা গিয়েছে, এক কোটি ৯১ লক্ষ টাকা খরচ করে বহু বছরের পুরনো ওই হাসপাতাল নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। বারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বি এন বসু হাসপাতাল। বিটি রোডে কোনও দুর্ঘটনা হোক বা রেল স্টেশনে, জখমদের নিয়ে আসা হয় এই হাসপাতালে। এছাড়া গোটা বারাকপুর শিল্পাঞ্চলের রোগীদের চাপ রয়েছে এই হাসপাতালের উপর। এখানে নিয়মিত ডায়ালিসিস হয়। তার জন্য পাঁচটি বেড রয়েছে। রয়েছে সব বিভাগের ডাক্তারও। এই সাব ডিভিশনাল হাসপাতালে ওপিডিতে রোগীদের ভিড় থাকে যথেষ্ট। রোগী কল্যাণ সমিতি সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের অন্যতম বড় সমস্যা ছিল বিদ্যুৎ। চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ হতো না। বিদ্যুৎদপ্তর সেখানে একটি ট্রান্সফরমার বসিয়েছে। 
স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তীর অনুরোধে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম কয়েক মাস আগে এই হাসপাতাল পরিদর্শন করেন। তারপরেই হাসপাতালে উন্নয়নকল্পে বিস্তারিত রূপরেখা তৈরি হয়। সেই মতো এক কোটি ৯১ লক্ষ টাকা খরচ করে হাসপাতালটিকে সংস্কার করার পরিকল্পনা হয়। হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্য সরকারের টাকায় হাসপাতালে পরিকাঠামোর পরিবর্তন করা হচ্ছে। কাজ দ্রুত গতিতে চলছে। আগামী কয়েক মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। বদলে যাবে বি এন বসু হাসপাতালের চেহারা। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ