সঞ্জয় গঙ্গোপাধ্যায়, বারাকপুর: কাশীপুর গান শেল ফ্যাক্টরির ওয়ার্কস কমিটির নির্বাচনের ধরাশায়ী হল আরএসএসের শ্রমিক সংগঠন বিএমএস। দশটি আসনেই পরাজিত হয়েছে তারা। শুধু তাই নয়, ছ’টি আসনে বিএমএসের প্রার্থীরা প্রথম তিন বা চারের মধ্যেও আসতে পারেননি। ১০টির মধ্যে আটটি আসন দখল করেছেন কংগ্রেস অনুমোদিত আইএনটিইউসি প্রার্থীরা। বাকি দু’টি আসন পেয়েছেন সিপিএম সমর্থিত বাম প্রার্থীরা। গত বিধানসভা নির্বাচনে বিজেপি গোটা রাজ্যে ঝড় তুললেও চার মাস কাটতে না কাটতেই কলকাতা লাগোয়া এই কারখানায় বড়োসড়ো ঝটকা খেল গেরুয়া শিবির। তবে ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে বিএমএস।
জানা গিয়েছে, কাশীপুর গান শেল ফ্যাক্টরির ওয়ার্কস কমিটির নির্বাচনকে ঘিরে টানটান উত্তেজনা ছিল। সম্প্রতি এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ভোটে জয় পাওয়ার জন্য ইউনিয়নের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছিলেন স্থানীয় বিধায়ক রীতেশ তেওয়ারি। কিন্তু তারপরও জয়ের দেখা পায়নি গেরুয়া শিবির। এই ফ্যাক্টরিতে বিজেপি তথা আরএসএসের কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। ভোটের মুখে তা মাথাচাড়া দেয়। একটি গোষ্ঠীর নেতা রাজেশ সিংয়ের নেতৃত্বে নতুন শ্রমিক সংগঠন গড়ে ওঠে। ওই সংগঠনের নাম দেওয়া হয় ভারতীয় জনতা মজদুর মঞ্চ (বিজেএমএম)। লেবার কমিশনারের কাছ থেকে অনুমোদন পাওয়ার পর তারাও নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নেয়। ভোটের ফলাফলে দেখা যায়, ছ’টি আসনে বিএজএমএম-এর প্রার্থীরা যত সংখ্যক ভোট পেয়েছেন, তার থেকে কম ভোট পেয়েছেন বিএমএসের প্রার্থীরা। রাজেশ সিং বলেন, আমাদের এখানে বিএমএস দশটি আসনেই জিতবে বলে প্রকাশ্য সভায় ঘোষণা করেছিলেন বিধায়ক রীতেশ তেওয়ারি। ৪ মে’র পর তৃণমূল থেকে আসা এক নেতাকে ভোটের দায়িত্ব দিয়েছিলেন তিনি। ওই নেতার বিরুদ্ধে আবার কাশীপুর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। যিনি অভিযুক্ত, তাঁকে ভোটের দায়িত্ব দেওয়ায় শ্রমিকরা তা ভালোভাবে নেননি। মোট ১৫৪৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৫৪১ জন। এছাড়াও কো-অপারেটিভের ৩৯টি আসনে ভোটগ্রহণ আসন্ন। ওই ভোটে শ্রমিকদের রায় কোনদিকে যায়, সেটাই দেখার।
পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রীতেশ তেওয়ারি বলেন, আত্মসন্তুষ্টির জন্যই হার হয়েছে। সব দিকই খতিয়ে দেখা হবে। আসলে বিএমএস সেভাবে ভোট করাতে পারেনি। ইছাপুরের রাইফেল ফ্যাক্টরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় সম্পর্কে মন্ত্রী অর্জুন সিং বলেন, আমরা সকলের সঙ্গে আলোচনা করেই নির্বাচন করেছি। বিজেপি, বিএমএসের অনুগামীদের রেখেই ১০ জনের প্যানেল করা হয়েছিল। বিরোধীরা অংশ না নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৈরি হয়েছে ওয়ার্কস কমিটি।