সিডনি: যশপ্রীত বুমরাহ মন জিতেছেন গ্রেগ চ্যাপেলের। নিজের কলামে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ভূয়সি প্রশংসা করেছেন ভারতীয় পেসারের। গ্রেগ লিখেছেন, ‘ডেনিস লিলি ও অ্যান্ডি রবার্টসই আমার দেখা সবচেয়ে সম্পূর্ণ ফাস্ট বোলার। তবে ইদানীং ভালো লাগছে বুমরাহকে। আনঅর্থোডক্স অ্যাকশন এবং নিয়ন্ত্রিত বোলিংয়ের দক্ষতা ওকে এই জায়গায় নিয়ে এসেছে। লিলির মতোই ও ব্যাটসম্যানকে পরীক্ষায় ফেলে। ওর হাতে দুর্দান্ত ইয়র্কারও রয়েছে। অদ্ভুত অ্যাকশনের দরুনও সুবিধা পায়। টানা এক জায়গায় বল করার ক্ষমতার জন্য ও লিলির মতোই বিপজ্জনক।’ ভারতের প্রাক্তন কোচ আরও যোগ করেন, ‘রবার্টসের মতো মাথা খাটিয়ে বল করে বুমরাহ। বৈচিত্র্যের মাধ্যমে বোকা বানায় ব্যাটসম্যানকে।’ শুধু লিলি-রবার্টসই নয়, ক্রিকেট ইতিহাসের অন্য গ্রেট ফাস্ট বোলারদের সঙ্গেও বুমরাহর সাদৃশ্য খুঁজে পেয়েছেন গ্রেগ। তিনি লিখেছেন, ‘ওর মধ্যে মার্শালের মতো মানিয়ে নেওয়ার ক্ষমতা, লিলির আগ্রাসন, হ্যাডলির নিয়ন্ত্রণ, রবার্টসের স্ট্র্যাটেজি, আক্রাম ও ইউনিসের রিভার্স সুইং, ম্যাকগ্রার নিশানা, স্টেইনের বিধ্বংসী মেজাজ রয়েছে। ও যথার্থই এক কমপ্লিট বোলার।’



