Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

বুমরাহর বলে বেশ কয়েকবার বেঁচেছি: হেড

বুমরাহর বলে বেশ কয়েকবার বেঁচেছি: হেড
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ব্রিসবেন: টিম ইন্ডিয়ার গলার কাঁটা হয়ে উঠেছেন ট্রাভিস হেড। পারথে প্রথম টেস্টে সেঞ্চুরি না পেলেও দ্বিতীয় ইনিংসে লড়াকু ৮৯ রান উপহার দিয়েছিলেন বাঁ হাতি অজি ব্যাটসম্যান। অ্যাডিলেডে হাঁকিয়েছিলেন দুর্দান্ত সেঞ্চুরি (১৪০)। সাফল্যের সেই ধারা অব্যাহত ব্রিসবেনে তৃতীয় টেস্টেও। ট্রাভিস হেডের ঝোড়ো ১৫২ এবং স্টিভ স্মিথের অনবদ্য সেঞ্চুরিতে চালকের আসনে অস্ট্রেলিয়া। বুমরাহ বাদে বাকি ভারতীয় বোলারদের সঙ্গে রীতিমতো ছেলেখেলাই করেছেন ত্রিশ বছর বয়সি ট্রাভিস হেড। ১৬০ বলের ইনিংসে হাঁকিয়েছেন ১৮টি বাউন্ডারি। দিনের শেষে তাঁর কণ্ঠে তৃপ্তির ছাপ স্পষ্ট। বলছেন, ‘সব সময়ই লক্ষ্য থাকে বড় ইনিংস খেলার। সেই সঙ্গে দ্রুত গতিতে রান তোলারও চেষ্টা করি। আজ কাজটা সহজ হয়ে গিয়েছিল স্মিথের মতো সিনিয়র ব্যাটসম্যান উল্টোদিকে থাকায়। অ্যাডিলেডের ইনিংস আমার মনোবল অনেক বাড়িয়ে দিয়েছে। তবে গাব্বায় আমাকে নতুন বলের মুখে পড়তে হয়নি। প্রারম্ভিক ব্যাটসম্যানরাই বলের পালিশ তুলে দিয়েছিল। ফলে আমি অনেক স্বাচ্ছন্দ্যেই রান তুলেছি।’
Advertisement
ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র বুমরাহই কিছুটা চাপ সৃষ্টি করেছিলেন অজি ব্যাটসম্যানদের উপর। সেকথা স্বীকার করে নিয়েছেন হেড। তাঁর কথায়, ‘বুমরাহর স্পেলগুলিতে সাবধানে খেলার চেষ্টা করেছি। ওর কয়েকটি ডেলিভারি ছিল উইকেট নেওয়ার মতো। ভাগ্যের জোরে বেশ কয়েকবার বেঁচে গিয়েছি।’ ভারতকে দেখলেই জ্বলে ওঠেন ট্রাভিস। পরিসংখ্যান বলছে, শেষ ছ’টা ইনিংসের মধ্যে তিনবার সেঞ্চুরি হাঁকিয়েছেন। সাফল্যের রহস্যও সামনে এনেছেন গাব্বা টেস্টের দ্বিতীয় দিনের নায়ক। তিনি বলেন, ‘আমরা ভারতের মাটিতে বহু ম্যাচ খেলেছি। ওদের পরিকল্পনা সম্পর্কে কিছুটা আন্দাজ করতে পারি। তার ফলে ব্যাট করতেও সুবিধা হয়।’
সম্পর্কিত সংবাদ