নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বাঁকড়ার রসিকল এলাকায় মঙ্গলবার সকালে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম শাদাব কুড়েশি (৩২)। পরিবারের অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয়েছে। যদিও পুলিশ এখনও ঘটনাটিকে খুন বলে মানতে নারাজ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর প্রায় ৫টা নাগাদ শাদাব বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই বাড়ির কাছে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে বাঁকড়ার একটি নার্সিংহোমে নিয়ে যান। পরে সেখান থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। প্রতিবেশীদের দাবি, শাদাবের ঘাড় ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পরিবারের অভিযোগ, অন্য কোথাও তাঁকে খুন করে দেহটি বাড়ির সামনে ফেলে দিয়ে গিয়েছে আততায়ীরা। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন তাঁরা।
অন্যদিকে, ডোমজুড় থানার পুলিশ তদন্তে নেমে সব দিক খতিয়ে দেখছে। হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক বলেন, ‘এখনই ঘটনাটিকে খুন বলা যাচ্ছে না। ছাদ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’ তদন্তকারীরা ইতিমধ্যেই জানতে চেষ্টা করছেন, ভোরে বাড়ি থেকে বেরনোর পর শাদাব কোথায় গিয়েছিলেন এবং কারও ডাকে তিনি বাইরে বেরিয়েছিলেন কি না। এলাকার সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।