Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

নিয়ম ভেঙে রক্তদান শিবির: চিহ্নিত ব্লাড ব্যাংকের বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষের নির্দেশ দিল হাইকোর্ট

রক্তদান শিবিরে অনিয়মের অভিযোগে ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে আপাতত তদন্ত চালিয়ে যেতে পারবে রাজ্য স্বাস্থ্যদপ্তর।

নিয়ম ভেঙে রক্তদান শিবির: চিহ্নিত ব্লাড ব্যাংকের বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষের নির্দেশ দিল হাইকোর্ট
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রক্তদান শিবিরে অনিয়মের অভিযোগে ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে আপাতত তদন্ত চালিয়ে যেতে পারবে রাজ্য স্বাস্থ্যদপ্তর। বুধবার এমনটাই জানিয়ে দিল হাইকোর্ট। ‌ যদিও তদন্ত শেষের সময়সীমা বেঁধে দিয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও। বিচারপতি কৃষ্ণ রাও জানান, অনিয়মের অভিযোগে যে তদন্ত চলছে তাতে আপাতত হস্তক্ষেপ করা হচ্ছে না। তবে স্বাস্থ্যদপ্তরকে এক সপ্তাহের মধ্যে এই তদন্ত শেষ করতে হবে। রক্ত সংগ্রহ ও বণ্টনে অনিয়মের অভিযোগে রাজ্যের ১১টি বেসরকারি ব্লাড ব্যাংককে স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে রক্ত সংগ্রহ বন্ধ করার নির্দেশ জারি হয়েছে ১ আগস্ট থেকে। রাজ্য স্বাস্থ্যদপ্তরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছিল, সম্প্রতি বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংকে আচমকা হানা দিয়ে একাধিক অনিয়ম স্বাস্থ্য আধিকারিকদের পর্যবেক্ষণে এসেছে। তার প্রেক্ষিতে শুরু হয়েছে তদন্ত। সেই তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ১১টি বেসরকারি ব্লাড ব্যাংকের ক্ষেত্রে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে রক্ত সংগ্রহের উপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এই নির্দেশিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় একটি বেসরকারি ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। সেই মামলায় সময় বেঁধে দিয়ে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাও। নির্দিষ্ট করে দেওয়া লক্ষ্যমাত্রার থেকে অনেক বেশি পরিমাণ রক্ত সংগ্রহ, রক্তদান শিবিরে নিয়ম না-মানা, কোনোরকম অনুমতি ছাড়াই লোহিত রক্তকণিকা ও প্লাজমা ভিন রাজ্যে বিক্রির ব্যবসা করা-সহ একাধিক অভিযোগ রয়েছে ওই ১১টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে। তার প্রেক্ষিতেই শুরু হয়েছে তদন্ত। স্বাস্থ্যদপ্তরের তালিকায় রয়েছে সোনারপুর, এন্টালি, যোধপুর পার্ক, আলিপুর রোড, পদ্মপুকুর, বেলেঘাটা, হাওড়া, কৃষ্ণনগর, রায়গঞ্জ, পূর্ব বর্ধমান, অন্ডালের বেসরকারি ব্লাড ব্যাংকগুলি। আপাতত তদন্তে কী উঠে আসে সেদিকেই নজর সব পক্ষের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ