Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্রেপ্তার রক্ত বিক্রির দালাল, স্বস্তির নিঃশ্বাস আম জনতার

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সরকারি ব্লাড ব্যাংক থেকে বেআইনিভাবে রক্ত সংগ্রহ করে সেই রক্ত চড়া দামে বিক্রি করার অভিযোগে সোমবার রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা শাহাবুদ্দিন মল্লিক নামের এক দালালকে গ্রেপ্তার করেছে। ধৃতের বাড়ি উলুবেড়িয়া থানার কাশমলি এলাকায়

গ্রেপ্তার রক্ত বিক্রির দালাল, স্বস্তির নিঃশ্বাস আম জনতার
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সরকারি ব্লাড ব্যাংক থেকে বেআইনিভাবে রক্ত সংগ্রহ করে সেই রক্ত চড়া দামে বিক্রি করার অভিযোগে সোমবার রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা শাহাবুদ্দিন মল্লিক নামের এক দালালকে গ্রেপ্তার করেছে। ধৃতের বাড়ি উলুবেড়িয়া থানার কাশমলি এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে উলুবেড়িয়ায় রক্তের কালোবাজারি নিয়ে অভিযোগ আসছিল। বিশেষ করে করোনার পর থেকে তা মারাত্মক আকার নেয়। রক্তের এই কালোবাজারি এবং দালালচক্র নিয়ে গত ৮ জুন রাজ্য স্বাস্থ্যদপ্তরের ব্লাড সেফটি বিভাগের পাশাপাশি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও উলুবেড়িয়া মেডিকেল কলেজের সুপারের কাছে মেল করে অভিযোগ জানান বাগনান কাঁটাপুকুরের বাসিন্দা জয়ন্তী ধাড়া। এরপর একই অভিযোগ করেন উলুবেড়িয়ার বাসিন্দা সেখ সইফুল আলি। সেই অভিযোগের ভিত্তিতে উলুবেড়িয়া বাজারপাড়ার বাসিন্দা দৌলত খান এবং কাশমলির বাসিন্দা শাহাবুদ্দিন খানের বিরুদ্ধে মামলা দায়ের করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। সোমবার পাঁশকুড়া থেকে শাহাবুদ্দিনকে হাতেনাতে ধরেন দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মানুষের বক্তব্য, দীর্ঘদিন ধরে দৌলত খানের নেতৃত্বে রক্তের কালোবাজারি চলছে। সাধারণ মানুষ তাতে হয়রানি হচ্ছে।শাহাবুদ্দিনের গ্রেপ্তারির প্রসঙ্গে ‘রক্তকরবী’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক শাশ্বত পাড়ুই বলেন, এই ঘটনা প্রমাণ করছে, করোনাকাল থেকে রক্তদান আন্দোলনের কর্মী ও রোগীর পরিবার উলুবেড়িয়া হাসপাতালে রক্তের দালালচক্র নিয়ে যে অভিযোগ করেছিল, তা দিনের আলোর মতো পরিষ্কার। প্রশাসন রক্তের সিন্ডিকেটরাজ নির্মূল করতে যেভাবে পদক্ষেপ নিয়েছে, তা হয়রানির শিকার হওয়া মানুষের কাছে স্বস্তির। এই চক্রের সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তিকে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ