ওয়াশিংটন, ১৩ মার্চ: ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর না করলে ভয়ঙ্কর পরিণতি হবে রাশিয়ার। অর্থনৈতিক অবরোধের মুখেও পড়তে হবে। গতকাল, বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এমনই হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরাতে আলোচনার জন্য আমেরিকার একটি প্রতিনিধি দল শীঘ্রই রাশিয়া সফরে যাবে বলেও জানিয়েছেন তিনি। এই প্রতিনিধি দলের মধ্য থাকবেন আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকভ।
হোয়াইট হাউজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে আমাদের একটি প্রতিনিধি দল রাশিয়ায় যাবে। আমার বিশ্বাস মস্কো এই যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হবে।” এর পরই তিনি পুতিনকে আক্রমণ করে বলেন, “ইউক্রেনে উপর আক্রমণ অব্যাহত রাখলে রাশিয়াকে অর্থনৈতিক অবরোধের মুখে পড়তে হবে। এটা রাশিয়ার জন্য ভয়ঙ্কর হতে পারে। আমি এটি চাই না। কারণ, আমি শান্তির পক্ষে।”
মঙ্গলবার সৌদি আরবের জেড্ডায় আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনায় বসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলোচনার পর রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন তিনি। জেলেনস্কি বলেন, “আমরা যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছি। এটি একটি ইতিবাচক পদক্ষেপ। এবার রাশিয়াও যাতে এই প্রস্তাবকে স্বাগত জানায় তার জন্য আমরা আমেরিকার দিকে তাকিয়ে রয়েছি।”
এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার অবস্থান স্পষ্ট করতে গিয়ে বুধবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে আরও গভীর আলোচনার প্রয়োজন রয়েছে।