Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

বাংলাদেশের কাছে স্বপ্নভঙ্গ ভারতের

বাংলাদেশের কাছে স্বপ্নভঙ্গ ভারতের
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
দুবাই: ব্যাটিং ব্যর্থতায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভরাডুবি ভারতের। রবিবার দুবাইয়ে টিম ইন্ডিয়াকে ৫৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। এই নিয়ে টানা দ্বিতীয়বার এই প্রতিযোগিতার খেতাব জিতল তারা। টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৪৯.১ ওভারে ১৯৮ রানে আটকে যায়। মনে হচ্ছিল, সহজেই জিতবেন বৈভব, আমনরা। কিন্তু ৩৫.২ ওভারে ১৩৯ রানেই অল-আউট ভারত।
Advertisement
গণঅভ্যুত্থানের পর পদ্মা পাড়ের দেশে প্রকট হয়েছে ভারত বিদ্বেষী মনোভাব। তার জেরে দু’দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। এমন পরিস্থিতিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত-বাংলাদেশ ফাইনাল নিয়ে মানুষের আগ্রহ ছিল তুঙ্গে। এদিন খেলা চলাকালীনও দুই দলের ক্রিকেটাররা একাধিকবার ঝামেলায় জড়িয়েছেন। তবে শেষ হাসি হাসল বাংলাদেশ। জয়ের জন্য ১৯৯ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ফর্মে থাকা ওপেনার আয়ূষ মাথরেকে ১ রানে ডাগ আউটে ফেরত পাঠান আল ফাওয়াদ। ভারতের ১৩ বছর বয়সি বিষ্ময়বালক বৈভব সূর্যবংশীও এদিন দাগ কাটতে ব্যর্থ। আইপিএলের নিলামে কোটি টাকার বেশি দরে বিক্রি হওয়া বাঁহাতি ব্যাটারের সংগ্রহ ৯। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন দুই ওপেনার। তাই আয়ূষ ও বৈভব দ্রুত আউট হওয়ায় বাংলাদেশের পেসাররা বাড়তি অক্সিজেন পেয়ে যান। চাপের মুখে ক্যাপ্টেন মহম্মদ আমন (২৬), কার্তিকেয়া (২১), হার্দিকরা (২৪) কিছুটা চেষ্টা চালালেও মেগা ফাইনালে হার এড়ানো সম্ভব হয়নি। এই ভরাডুবির পর স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়ার সাপ্লাই লাইন নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রতিযোগিতার সফলতম দল ভারত (আটবারের চ্যাম্পিয়ন)। অথচ তারাই গ্রুপ পর্বে পাকিস্তানের পর ফাইনালে বাংলাদেশের কাছে মুখ থুবড়ে পড়ল।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশও শুরুতে ধাক্কা খেয়েছিল। ওপেনার কালাম সিদ্দিকি ১ রানে আউট হন। সেই ধাক্কা সামলে দলকে ভদ্রস্ত জায়গায় নিয়ে যান মহম্মদ সিহাব জেমস (৪০), রিজওয়ান হোসেনরা (৪৭)। তবে আলাদা করে প্রশংসা করতে হবে বাংলাদেশের বোলারদের। তাদের দাপটেই ধরাশায়ী ভারত। 
তিন উইকেট নিয়ে ফাইনালের সেরা ইকবাল হোসেইন ইমন। মোট ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টেরও সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এই তরুণ পেসার।
সম্পর্কিত সংবাদ