Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেল! বধূর মৃত্যুতে গ্রেপ্তার তৃণমূল নেতা

ব্ল্যাকমেলের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা। তৃণমূল নেতা সুশান্ত দাস গ্রেপ্তার। ঘটনার পর এলাকায় উত্তেজনা। বিস্তারিত পড়ুন।

ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেল! বধূর মৃত্যুতে গ্রেপ্তার তৃণমূল নেতা
  • ৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: অবৈধ সম্পর্কের জেরে ব্ল্যাকমেল, শেষ পর্যন্ত আত্মহত্যা গৃহবধূর। এমনটাই অভিযোগ। শনিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল দত্তপুকুরের বামনগাছিতে। তৃণমূল নেতা সুশান্ত দাসের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে তাঁর বাড়ির সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান মৃতার পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বামনগাছির এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল স্থানীয় তৃণমূল নেতা সুশান্ত দাস ওরফে পুটুর। পরিবারের অভিযোগ, সেই সূত্রে একাধিক হোটেলে নিয়ে গিয়ে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে রেখেছিল সুশান্ত। পরে সেই ছবিকে হাতিয়ার করে ব্ল্যাকমেল ও হুমকি দিত সে। সম্প্রতি বিষয়টি এলাকায় জানাজানি হওয়ায় সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন গৃহবধূ। কিন্তু সুশান্ত তাতে রাজি হয়নি। উলটে চাপ ও হুমকি বাড়তে থাকে। স্থানীয়দের দাবি, পুটুর স্ত্রী বারাসত ১ নম্বর ব্লকের ছোটো জাগুলিয়া পঞ্চায়েতের তৃণমূল সদস্যা। ফলে, এলাকায় প্রভাব খাটাত পুটু। মানসিক যন্ত্রণার জেরেই ওই গৃহবধূ দু’দিন আগে অ্যাসিড খেয়েছিলেন বলে জানা গিয়েছে। বারাসত মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকাকালীন শনিবার মারা যান ওই তিনি। মৃতার স্বামীর দাবি, কাজের সূত্রে আমি দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতাম। সেই সুযোগে আমার সংসার নষ্ট করেছে সুশান্ত। আমার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সমাজে মুখ দেখাতে পারছি না। অ্যাসিড খাওয়ার একদিন আগে আমাকে ফোন করে স্ত্রী বলেছিল, বিভিন্নভাবে আমাকে চাপ দিচ্ছে সুশান্ত। কী কারণ জানতে চাইলে বলেছিল, তুমি বাড়ি এলে বলব। তারমধ্যেই এই ঘটনা। আমি অভিযুক্তের ফাঁসি চাই।
স্থানীয় বাসিন্দা তথা আইনজীবী দেবাশিস সরকার বলেন, স্ত্রী পঞ্চায়েত সদস্যা হলেও কাজকর্ম সব নিজেই করে তৃণমূল নেতা সুশান্ত। পড়শি গৃহবধূকে নবদ্বীপে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল সুশান্ত। শুধু তাই নয়, সেই ছবি তুলে ব্ল্যাকমেল করত লাগাতার। সম্প্রতি তাদের একটি কলরেকর্ড ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। গৃহবধূ ওই সম্পর্কে ইতি টানতে চাইলেও সুশান্ত চাইনি। উলটে হুমকি ও শাসানি দিত। ব্ল্যাকমেলের জেরে এই ঘটনা বলেই আমাদের মনে হয়েছে। ঘটনার পর অভিযুক্তের বাড়ির সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এলাকায় উত্তেজনা ছড়ালে মোতায়েন করা হয় পুলিশ। পরে সুশান্ত দাসকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ