ইসলামাবাদ: ফের উত্তেজনা বালোচিস্তানে। এবার পাক সেনার ২৫ জওয়ানকে খতম করার দাবি বালোচ বিদ্রোহীদের। বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) জানিয়েছে, জিয়ারত ক্রসে সেনার কনভয়ে হামলা চালায় তাদের ‘ফতেহ স্কোয়াড’। দু’টি গাড়ি ধ্বংস করা হয়। ইতিমধ্যেই বিএলএ-র মিডিয়া শাখা ‘হাক্কাল’ হামলার একটি ভিডিয়ো প্রকাশ করেছে। তা রীতিমতো সিনেম্যাটিক। বিস্ফোরণ, গুলির শব্দ, আগুনে জ্বলতে থাকা গাড়ি সবই দেখা গিয়েছে সেখানে। এমনকি বিস্ফোরণের পর মৃতদেহের টুকরো ছড়িয়ে পড়ে আছে, এমনটাও দেখা গিয়েছে ভিডিয়োয়। এই হামলায় ১৮ পাক সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে বিএলএ। পরে সুরাবের হাজিকায় রিমোট-নিয়ন্ত্রিত বিস্ফোরণে আরও সাত পাক সেনার প্রাণ গিয়েছে বলে দাবি। এদিকে, পালটা অভিযানে প্রায় ৫০ জন বিদ্রোহীকে খতমের দাবি করেছে পাক সেনা। সেনা জানিয়েছে, মাস্তুং, সিবি, কোয়েটা এবং কালাত জেলায় অভিযান চালিয়ে এই নিধনযজ্ঞ চালিয়েছে তারা। নিহতদের অধিকাংশই বিএলএ এবং টিটিপির সদস্য।



