Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই অ্যাডভান্টেজে অস্ট্রেলিয়া, ভারতকে অক্সিজেন জোগাল বুমরাহ

বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই অ্যাডভান্টেজে অস্ট্রেলিয়া, ভারতকে অক্সিজেন জোগাল বুমরাহ
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মেলবোর্ন, ২৬ ডিসেম্বর: বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট মহারণ। যে পক্ষই এই ম্যাচ পকেটে ভরবে তারাই ওর্য়াল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের রাস্তায় আরও একধাপ এগিয়ে যাবে। কার্যত ছিটকে পড়বে অন্য দল। এমন পরিস্থিতিতে মেলবোর্নের বক্সিং ডে টেস্টের গুরুত্ব যে অপরিসীম, তা বলে দিতে হয় না। কিন্তু খেলার প্রথম দিনে ধারে ও ভারে ভারতকে কিছুটা ব্যাকফুটেই ঠেলে দিল অজিরা। কোনওক্রমে বুমরাহর হাত ধরে ভেসে থাকার চেষ্টা ভারতের।
Advertisement
এদিন ভারতীয় সময় অনুযায়ী, ভোর ৫টায় শুরু হয় খেলা। ওপেনিংয়েই দুর্দান্ত জুটি গড়ে অস্ট্রেলিয়াকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয় ওসমান খোওয়জা ও স্যাম কনস্ট্যাস। দুজনেই করেন অর্ধশতরান। এছাড়াও, এদিন লাবুসেন ও স্মিথও অর্ধশতরান করেছেন। ফলে একটা সময়ে ভারতীয় বোলিংকে অজিদের সামনে দেখাচ্ছিল ম্রিয়মান। তবে বুমরাহের অক্সিজেনে ভর করে ম্যাচে ফেরে ভারত।
ট্রাভিস হেডকে এদিন ০ রানে ফেরান ভারতীয় সহ-অধিনায়ক। এছাড়াও  ওসমান খোওয়জা ও মিচেল মার্শকেও প্যাভিলিয়নে ফিরিয়েছেন বুমরাহই। অপর তিনটি উইকেট পেয়েছেন জাদেজা, ওয়াশিংটন ও আকাশদীপ। ঝুলি খালি সিরাজের।
দিনের শেষে অস্ট্রেলিয়ার রান দাঁড়িয়েছে ৩১১/৬। এখনও অপরাজিত ৬৮ রানে ব্যাট করছেন স্মিথ। তার সঙ্গে রয়েছেন অজি অধিনায়ক প্যাট ক্যামিন্স। ফলে দ্বিতীয় দিনের শুরুতেই বুমরাহরা দ্রুত এই দুই ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে অজিদের ইনিংস শেষ করতে চাইবে, তা বলাই বাহুল্য।
তবে, বক্সিং ডে টেস্টে অনভিপ্রেত ঘটনাও ঘটেছে। খেলা চলাকালীন কোহলি ঝামেলায় জড়ান স্যাম কনস্ট্যাসের সঙ্গে। যার জেরে ভারতীয় স্টার ব্যাটারের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। তবে, নেটিজেনদের বক্তব্য গোটা ঘটনাতে বিরাটের পাশাপাশি দোষ ছিল স্যামেরও। ফলে বিষয়টি নিয়ে ইন্টারনেটে রীতিমতো শোরগোল শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ