নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একের পর এক হারে লিগ টেবিলে সবার শেষে অবস্থান করছে মহমেডান স্পোর্টিং। এমন দুঃসময়ে তিন মাসের বেতন না পেয়ে কোচের পদ থেকে ইস্তফা দিলেন আন্দ্রে চেরনিশভ। বুধবার সকালে যুবভারতীতে অনুশীলন শেষে ফুটবলারদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন রুশ কোচ। এরপর মেল মারফৎ সরকারিভাবে তা অবগত করেন বিনিয়োগকারী সংস্থাকে। এখানেই থেমে থাকেননি তিনি। সামাজিক মাধ্যমে পোস্ট করে বিষয়টি প্রকাশ্যে এনেছেন আই লিগ জয়ী কোচ। এর ফলে প্রবল চাপে মহমেডান। আগামী শনিবার যুবভারতীতে মোহন বাগানের মুখোমুখি হবে সাদা-কালো ব্রিগেড। মিনি ডার্বির ৭২ ঘণ্টা আগে দায়িত্ব ছেড়ে দলকে কঠিন পরিস্থিতির সামনে ফেলে দিলেন চেরনিশভ।
গত কয়েক সপ্তাহ ধরেই বকেয়া বেতন চেয়ে সরব হয়েছিলেন ফুটবলাররা। ফ্রাঙ্কা, মাঞ্জোকিরা বারবার প্রকাশ্যে মুখ খুললেও এতোদিন চুপ ছিলেন কোচ। এদিন তাঁরও ধৈর্যের বাঁধ ভাঙল। তবে সময় নষ্ট না করে মিনি ডার্বির আগে ড্যামেজ কন্ট্রোল করতে আসরে নামেন ইনভেস্টর কর্তারা। সন্ধ্যায় চেরনিশভের সঙ্গে বৈঠকে বসেন তাঁরা। তবে তাতেও বরফ গলেনি। অনির্দিষ্টকালের জন্য দেশে ফিরছেন ক্ষুব্ধ রুশ কোচ। কর্তারা অবশ্য দাবি করছেন, কয়েকদিনের জন্য ছুটিতে যাচ্ছেন রুশ কোচ। তাঁর অনুপস্থিতিতে আপাতত দলের দায়িত্ব সামলাবেন মেহরাজউদ্দিন ওয়াডু। এই কঠিন পরিস্থিতির মধ্যে বুধবার শহরে পা রাখেন মহমেডানের নতুন বিদেশি মার্ক আন্দ্রে।