নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলিতে আচমকা সক্রিয় তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত স্তরে বিজেপির নজরদারি কমিটি নিয়ে প্রশ্ন তুলে মঙ্গলবার সুর চড়ালেন কালীঘাটপন্থী তৃণমূলের হুগলি জেলা সভাপতি অসিত মজুমদার। চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত এদিন সাংবাদিক সম্মেলন করে বিজেপির ওই পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তাৎপর্যপূর্ণভাবে, হুগলি জেলায় প্রথম নজরদারি কমিটি বসেছিল চুঁচুড়ার কোদালিয়া-১ পঞ্চায়েতে। অসিতবাবুর ঘনিষ্ঠ নেতারা ওই পঞ্চায়েতের হর্তাকর্তা। সেই ঘটনার প্রায় একমাস পেরিয়ে যেতে বসেছে। ফলে, এতদিন পরে অসিতবাবুর সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও সে প্রসঙ্গ এড়িয়ে অসিতবাবু বলেন, পঞ্চায়েত আইন অনুসারে বৈধভাবে, সংবিধান মেনে পঞ্চায়েতগুলি কাজ করছে। সেখানে কো-অর্ডিনেটার নামে একটি দলীয় প্রতিনিধিমণ্ডলী বসাচ্ছেন বিজেপি বিধায়করা, কোথাও কোথাও দলও তা অনুমোদন করছে। ওই কাজ অসংবিধানিক। এতে পঞ্চায়েতের মর্যাদা ক্ষুণ্ণ হয়। আমরা এর প্রতিবাদ করছি। আশা করছি প্রশাসন পদক্ষেপ করবে। এনিয়ে পাল্টা বিজেপি’র হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, অসিতবাবুর দলের প্রধানরা পালিয়ে বেড়াচ্ছেন। পঞ্চায়েতে গিয়ে মানুষ কাজ পাচ্ছেন না, পরিষেবা বেহাল। এই অবস্থায় নাগরিকদের সমস্যার কথা প্রশাসনের কাছে তুলে ধরতে কিছু মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেখানে পঞ্চায়েত অচল সেখানে ওই পদ্ধতিতে নাগরিকদের পরিষেবা দেওয়া হচ্ছে। এনিয়ে আপত্তি করা যেতেই পারে কিন্তু সেক্ষেত্রে মানুষের পরিষেবা নিশ্চিত করতে হবে সবার আগে।



