Bartaman Logo
৯ জুন, ২০২৬

মধ্যপ্রদেশে বিজেপির মেডিক্যাল সেলের নেতাই ভুয়ো চিকিৎসক

মধ্যপ্রদেশে আরও এক ভুয়ো ডাক্তারের সন্ধান। এবার যাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, তিনি আবার বিজেপির জব্বলপুর জেলা মেডিক্যাল সেলের সহ-আহ্বায়ক ছিলেন।

মধ্যপ্রদেশে বিজেপির মেডিক্যাল সেলের নেতাই ভুয়ো চিকিৎসক
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জব্বলপুর: মধ্যপ্রদেশে আরও এক ভুয়ো ডাক্তারের সন্ধান। এবার যাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, তিনি আবার বিজেপির জব্বলপুর জেলা মেডিক্যাল সেলের সহ-আহ্বায়ক ছিলেন। অভিযুক্তের নাম শুভম অবস্তি। দিন তিনেক আগে দামো জেলায় একটি মিশনারি হাসপাতালের এক ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করেছিল পুলিস। ওই ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসায় সাতজন হৃদরোগীর মৃত্যুর অভিযোগ উঠেছিল। এবার জব্বলপুরে ভুয়ো চিকিৎসকের সন্ধান মেলায় চাঞ্চল্য শুরু হয়েছে। অবস্তির বিরুদ্ধে আদালতের নির্দেশে মামলা দায়ের করেছে পুলিস। তাঁর বিরুদ্ধে ভুয়ো আয়ূষ ডিগ্রি নিয়ে জব্বলপুরের শেঠ গোবিন্দ দাস জেলা সরকারি হাসপাতালে চিকিৎসা করার অভিযোগ উঠেছে। এদিকে ভুয়ো চিকিৎসক দলের সঙ্গে যুক্ত থাকায় চাপে পড়ে গিয়েছে বিজেপি নেতৃত্ব। মধ্যপ্রদেশ বিজেপির মেডিক্যাল সেলের সহকারি আহ্বায়ক এবং দন্ত চিকিৎসক অশ্বিনী ত্রিবেদী বলেন, বছর দু’য়েক আগে তাঁকে মেডিক্যাল সেলের সহকারি আহ্বায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জব্বলপুর বিজেপি শাখার প্রধান রত্নেশ সোনকার বলেন, বিজেপিতে এধরনের কার্যকলাপের স্থান নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ