সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-২ ব্লকের রুইডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত হলেন বিজেপির কৃষ্ণ বর্মন। বিধানসভা নির্বাচনের পর রুইডাঙার প্রধান অশ্বিনী দেবসিংহ আর অফিসে আসেননি। এরপর বিজেপি পঞ্চায়েত সদস্যরা এদিন প্রধান হিসেবে কৃষ্ণবাবুকে মনোনীত করেন। এদিন প্রধান হিসেবে মনোনীত করার পর এলাকায় মিছিলও করেন বিজেপি নেতা-কর্মীরা। ফুলের মালাও পরানো হয় প্রধানকে।
রুইডাঙা গ্রামপঞ্চায়েতের মোট ২৩ জন পঞ্চায়েত সদস্য। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ১২ ও তৃণমূল ১১টি আসনে জয়লাভ করে। প্রধান হন বিজেপির অশ্বিনী দেবসিংহ। যদিও লোকসভা নির্বাচনের পর অশ্বিনী দেবসিংহ দলবদল করে তৃণমূলে যোগদান করেন। এবার বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এক সদস্য বিজেপিতে যোগদান করায় আবারও সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। ফলে অশ্বিনী দেবসিংহ পদত্যাগ করায় নতুন করে প্রধান নির্বাচিত হল। বিজেপির কোচবিহার জেলা কমিটির সহ-সভাপতি প্রতাপ সরকার বলেন, রুইডাঙায় আমরা সংখ্যাগরিষ্ঠ। প্রধান পদত্যাগ করায় এদিন সাধারণ সভায় নতুন করে প্রধান নির্বাচিত করা হয়েছে। আমাদের গ্রামপঞ্চায়েত সদস্য কৃষ্ণবর্মন প্রধান নির্বাচিত হয়েছেন।