


সংবাদদাতা, উলুবেড়িয়া: মঙ্গলবার চতুর্থ দফায় তালিকা প্রকাশ করে বিজেপি হাওড়া গ্রামীণ জেলার পাঁচলা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে। কিন্তু এবারও ব্রাত্য উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র। ফলে আশাহত দলের কর্মী, সমর্থকরা। ইতিমধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই হতাশা থেকে পোস্টও করতে শুরু করেছেন। যদিও জেলা বিজেপি নেতৃত্বের দাবি, নির্দিষ্ট একটি কেন্দ্রে কোনো প্রার্থী কোনো বিষয় নয়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দলীয় প্রতীককে সামনে রেখেই আমাদের প্রচার চলছে।
উল্লেখ্য, ভোটের দিন ঘোষণার পরেই উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছিল। দিন কয়েক আগে আইএসএফ এই কেন্দ্রে আনসার আলী শেখকে প্রার্থী করেছে। এমনকী গত রবিবার কংগ্রেসের পক্ষ থেকে আলম দেইয়ানকে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। কিন্তু বিজেপির পক্ষ থেকে এর আগে তিনদফায় দফা প্রার্থী তালিকা প্রকাশ করা হলেও এই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ফলে বিজেপির কর্মী, সমর্থকদের আশা ছিল, চতুর্থ দফার তালিকায় উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের প্রার্থীর নাম জায়গা পাবে। যদিও মঙ্গলবার বিজেপির প্রকাশিত চতুর্থ তালিকায় দেখা গেল, এবারও এই কেন্দ্রের প্রার্থীর নাম নেই।
এতে হতাশ গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। ইতিমধ্যে অনেকেই সমাজ মাধ্যমে এই বিষয়ে মন্তব্য, মশকরা করতে শুরু করেছেন। কেউ লিখেছেন, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে ওয়াকওভার দিচ্ছে বিজেপি। কেউ লিখছেন, ভোটের পর প্রার্থী দেওয়া হবে। কেউ আবার লিখেছেন, এখন খবরদার রাস্তায় বেরবেন না। বিজেপি উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে প্রার্থী পাচ্ছে না। রাস্তায় আপনাকে দেখলে ধরে প্রার্থী করে দিতে পারে। তবে বিজেপির দলীয় সূত্রে খবর, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের মধ্যেই রয়েছে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সদর কার্যালয়। ফলে বিজেপি নেতৃত্বের বিশেষ নজর রয়েছে এই কেন্দ্রের দিকে। প্রার্থীর নাম না ঘোষণা হওয়া প্রসঙ্গে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সাধারণ সম্পাদক রমেশ সাঁধুখা বলেন, প্রার্থীর নাম ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। তবে প্রার্থীর নাম ঘোষণা না হলেও ভোটকে সামনে রেখে বিজেপির কর্মীরা প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন।