Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে বিজেপির প্রার্থী আইনজীবী বিদ্যুত্? ভোটের আগে যোগদানে জল্পনা, প্রচারে দেখা নেই অশোকের কোন্দলে জেরবার পদ্মপার্টি

বামের লোককে রামে এনে বালুরঘাটে প্রার্থী করার আভাস পেয়েই কি জেলা সভাপতির পদ ছেড়েছেন স্বরূপ চৌধুরী?

বালুরঘাটে বিজেপির প্রার্থী আইনজীবী বিদ্যুত্? ভোটের আগে যোগদানে জল্পনা, প্রচারে দেখা নেই অশোকের কোন্দলে জেরবার পদ্মপার্টি
  • ১৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: বামের লোককে রামে এনে বালুরঘাটে প্রার্থী করার আভাস পেয়েই কি জেলা সভাপতির পদ ছেড়েছেন স্বরূপ চৌধুরী? তাঁর পদত্যাগের দু’দিনের মধ্যে আরএসপি ঘনিষ্ঠ, বালুরঘাটের বিশিষ্ট আইনজীবী বিদ্যুত্ কুমার রায় বিজেপিতে যোগদানের পর তেমনই ইঙ্গিত মিলল।

Advertisement

দলীয় সূত্রে খবর, বালুরঘাটে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীকে সরিয়ে এবার বিদ্যুতকে প্রার্থী করতে চায় জেলা নেতৃত্বর একটি প্রভাবশালী আংশ। যাকে ঘিরে দলের মধ্যে বিভাজন স্পষ্ট হয়েছে। সংগঠনের কাউকে প্রার্থী না করে দলের বাইরের মানুষকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির অনেকেই। দল সূত্রে জানা গিয়েছে,স্বরূপও এবার প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু দলের নেতাদের বঞ্চিত করে কেন বাইরের লোককে টিকিট দেওয়া হবে, তা নিয়ে নীচুতলায় প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, এই মতবিরোধের কারণেই জেলা সভাপতির পদ ছেড়েছেন স্বরূপ। এবিষয়ে বক্তব্য জানতে চেয়ে বালুরঘাটের এমপি সুকান্ত মজুমদারকে ফোন এবং মেসেজ করা হলেও কোনো জবাব মেলেনি।
বিজেপির জেলা সভাপতির পদ এখনও ফাঁকা। এরমধ্যেই রবিবার গেরুয়া শিবিরে যোগ দিলেন বাম মনোভাবাপন্ন বিদ্যুত্। আরএসপি ঘনিষ্ঠ বিদ্যুত্ একসময় বালুরঘাট জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ছিলেন। বর্তমানে বালুরঘাট শহরের নাট্য মন্দিরের সভাপতি, দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতিও।
এদিন বিদ্যুতকে দলে স্বাগত জানান বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, টাউন মণ্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ অন্যরা। পরে জেলা সাধারণ সম্পাদক বলেন, আইনজীবী বিদ্যুতের সঙ্গে আরো ৫০ জন দলে যোগ দিয়েছেন।
বিজেপিতে যোগ দিয়ে বিদ্যুতের দাবি, আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। দুর্নীতিপরায়ণ সরকারের অপশাসন থেকে মুক্তি চাই। তাই বিজেপির সঙ্গে যুক্ত হলাম। আমার বিশ্বাস, এবার রাজ্যে পরিবর্তন হবে। ভোট ঘোষণার দিন বিজেপিতে যোগ কেন? প্রার্থী হতেই কি এই যোগদান? এই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বিদ্যুত্। শুধু বলেছেন, এমন কোনো ব্যাপার নেই। আগে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কথা বিদ্যুত্ অস্বীকার করলেও তা মানতে চাননি তৃণমূল টাউন সভাপতি সুভাষ চাকি। বিদ্যুত্ প্রসঙ্গে সুভাষের দাবি, তিনি একেবারে বামপন্থী মনোভাবাপন্ন। তিনি আরএসপির সঙ্গে যুক্ত ছিলেন। যদিও আরএসপি জেলা সম্পাদিকা সুচেতা বিশ্বাস বলেন, আগে অনেকেই বামফ্রন্টের হয়ে কাজ করেছেন। তবে বিদ্যুৎ আমাদের সঙ্গে যুক্ত নেই। তৃণমূল নেতা সুভাষ বলেন, বালুরঘাট থেকে বিদ্যুত্ বিজেপির হয়ে লড়বেন বলে জানতে পেরেছি। আমরাও রাজনৈতিকভাবে লড়াই করতে প্রস্তুত। একুশের বিধানসভা নির্বাচনে ভারতের বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী বালুরঘাট থেকে জয়ী হন। বালুরঘাটে বছরের বেশিরভাগ সময় বিধায়ক থাকেন না বলে বারবার সরব হয়েছিল তৃণমূল। তবে মাসখানেক ধরে অশোক বালুরঘাটে টানা প্রচার চালিয়েছেন। কিন্তু গত কয়েকদিন ধরে অশোককেও আর প্রচারে দেখা যাচ্ছে না। বিধায়ককে ফোন করলেও ধরেননি। মেসেজেরও জবাব মেলেনি।

সম্পর্কিত সংবাদ