নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাতের অন্ধকারে বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হল ডোমজুড়ের সলপ পঞ্চাননতলা। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় হামলা চালিয়ে বিজেপির এক বুথ সভাপতিকে মারধর করে। পাশাপাশি এক বিজেপি নেতার বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় থানায় অভিযোগ জানাতে গেলে সেই বুথ সভাপতিকেই উলটে পুলিশ গ্রেপ্তার করেছে বলে খবর। এর প্রতিবাদে রবিবার ডোমজুড় থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা। ঘটনাটি ডোমজুড় থানার সলপ-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিজেপির অভিযোগ, দুষ্কৃতীদের হামলায় দলের বুথ সভাপতি দুধকুমার গুছাইত আক্রান্ত হন। একইসঙ্গে ডোমজুড়-১ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক শশধর খেলোর বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, শুধু দলীয় কর্মী-সমর্থকরাই নন, এলাকার সাধারণ মানুষের বাড়িঘরও হামলার হাত থেকে রেহাই পায়নি। ঘটনার পর হামলা ও ভাঙচুরের অভিযোগ জানাতে এদিন ডোমজুড় থানায় যান বিজেপির কর্মীরা। সেখানে দুধকুমার গুছাইতকে পুলিশ গ্রেপ্তার করে বলে অভিযোগ। এ খবর ছড়িয়ে পড়তেই থানার সামনে জড়ো হন বিজেপির কর্মী-সমর্থকরা। শুরু হয় বিক্ষোভ। তাঁদের দাবি, হামলার ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে দুধকুমার গুছাইতকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিও জানানো হয়।



