Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

রাতে বুথ সভাপতির বাড়িতে মদ্যপান, বিজেপি কর্মীর দেহ রেল লাইনে

‘বিজেপিকে ভালবাসতাম’ ফেসবুকে পোস্ট করার পরই এক যুবকের রহস্যমৃত্যু। বুধবার ভোরে ধাত্রীগ্রাম স্টেশনের কাছে রেল লাইন থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে কালনা জিআরপি।

রাতে বুথ সভাপতির বাড়িতে মদ্যপান, বিজেপি কর্মীর দেহ রেল লাইনে
  • ১৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: ‘বিজেপিকে ভালবাসতাম’ ফেসবুকে পোস্ট করার পরই এক যুবকের রহস্যমৃত্যু। বুধবার ভোরে ধাত্রীগ্রাম স্টেশনের কাছে রেল লাইন থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে কালনা জিআরপি। মৃতের নাম গোবিন্দ বসাক (২৬)। গোবিন্দের বাড়ি কালনা ধাত্রীগ্রাম এলাকার কলোনি পাড়ায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বুধবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। জিআরপির প্রাথমিক অনুমান, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই যুবকের। জিআরপি তদন্ত শুরু করেছে।
কালনা-ধাত্রীগ্রাম এলাকার কলোনিপাড়ার বাসিন্দা পেশায় তাঁত শ্রমিক গোবিন্দ বসাক দীর্ঘদিন বিজেপি কর্মী ও যুব মোর্চার সক্রিয় কার্যকর্তা ছিলেন। বিধানসভা  ভোটের আগে দলের জন্য ব্যাপক পরিশ্রম করেছেন বলে বন্ধু মহলে দাবি। গ্যাংস্টার গোবিন্দ নামে তাঁর একটি ফেসবুক পেজে দলের হয়ে লাগাতার প্রচারও করেছেন সেই সময়। মঙ্গলবার রাতে এলাকার বিজেপির বুথ সভাপতির বাড়িতে পরিচিতদের সঙ্গে খাওয়া দাওয়া করে সে। তারপর রাত ১২টা নাগাদ চলে আসে বাড়ি। রাত ১টা নাগাদ সে তার ফেসবুক পেজে লেখে ‘আজকের দিনের জন্য গ্যাংস্টার চিরবিদায়, বিজেপি জিন্দাবাদ। ভারতবাসী জিন্দাবাদ। বিজেপিকে খুব ভালোবাসতাম। ওই রাতে গোবিন্দর পরিবার চারিদিকে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পায়নি। বুধবার সকালে বাড়ির লোকেরা খবর পান ধাত্রীগ্রাম স্টেশনের কাছে রেল লাইনে মৃতদেহ পাওয়া গিয়েছে। পদ্মের বুথ সভাপতি তপন বসাক বলেন, রাতে বাড়িতে গোবিন্দ সহ আমরা চারজন মদ্যপান করি। রাত ১২টার পর ও চলে যায়। 
মৃত যুবকের ভাই বিশ্বনাথ বসাক বলেন, ভাই বিজেপি অন্ত প্রাণ ছিল। রাতে দাদা বাড়ি না আসায় চারিদিকে খোঁজ করি। ভোর বেলা জিআরপির কাছ থেকে দুঃসংবাদটা পাই। কীভাবে কি হয়েছে আমরা কিছুই বুঝে উঠতে পারছি না। দাদার মৃত্যু আমাদের কাছে রহস্যজনক ঠেকছে। আমরা চাই জিআরপি তদন্ত করে ভাইয়ের মৃত্যু রহস্য উদঘাটন করুক।
বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি প্রদ্যুৎ ভৌমিক বলেন, ও আমাদের সক্রিয় কর্মী ছিল। ভোটের আগে ও পরে মানুষের জন্য কাজ করে যাচ্ছিল। আমরা চাই ওর মৃত্যু রহস্য সামনে আসুক।
 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ