Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

হিমাচলে তিনটি পুরসভায় জয়ী বিজেপি, কংগ্রেস পেল মাত্র একটি

আগামী বছর হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে বড়োসড়ো ধাক্কা খেল রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস সরকার। সদ্য সমাপ্ত পুরসভা নির্বাচনে চারটির মধ্যে তিনটিতে জয়ী হয়েছে বিজেপি। মাত্র একটিতে জয় পেয়েছে রাহুল গান্ধীর দল।

হিমাচলে তিনটি পুরসভায় জয়ী বিজেপি, কংগ্রেস পেল মাত্র একটি
  • ১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: আগামী বছর হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে বড়োসড়ো ধাক্কা খেল রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস সরকার। সদ্য সমাপ্ত পুরসভা নির্বাচনে চারটির মধ্যে তিনটিতে জয়ী হয়েছে বিজেপি। মাত্র একটিতে জয় পেয়েছে রাহুল গান্ধীর দল। 

Advertisement

মান্ডি, ধর্মশালা ও সোলান পুরসভায় পদ্মফুল ফোটাতে সক্ষম হয়েছে গেরুয়া শিবির। কংগ্রেস শুধুমাত্র পালমপুর পুরসভা ধরে রাখতে পেরেছে। মান্ডিতে ১৪টির মধ্যে ১২টি ওয়ার্ডের দখল নিয়েছে বিজেপি। মাত্র একটি ওয়ার্ড জিতেছে হাত শিবির। আরেকটি গিয়েছে নির্দল প্রার্থী অলকানন্দা হান্দার ঝুলিতে। এই নিয়ে পরপর দু’বার মান্ডি জয় করল মোদি ব্রিগেড। সোলানে ১০টি ওয়ার্ডে জয়ী হয়েছে বিজেপি। কংগ্রেস ৬টি ওয়ার্ডে জয় নিশ্চিত করতে সক্ষম হয়েছে। ধর্মশালায় ১৭টি ওয়ার্ডের মধ্যে ১১টিতে শেষ হাসি হেসেছে নরেন্দ্র মোদির দল। অন্যদিকে, পালমপুরে ১৫টির মধ্যে ১১টি ওয়ার্ডে জয়ী হয়েছে কংগ্রেস। রবিবার ফলাফল ঘোষণার পরেই হাত শিবিরকে একহাত নেন বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর। তাঁর কথায়, ‘ভোটারদের মন জয় করার হাজার চেষ্টা চালিয়েছিলেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। বড়ো বড়ো প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু মানুষ ওদের নাকচ করে দিয়েছে।’ হিমাচল প্রদেশের বিজেপি সভাপতি ডঃ রাজীব বিন্দাল বলেন, ‘কংগ্রেস সরকারের অপশাসনের বিরুদ্ধে ভোট দিয়েছেন হিমাচল প্রদেশের মানুষ। প্রশাসনের যুব, নারী ও কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ