Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মানবাজার ও বান্দোয়ানেও বিজেপির জয়

পুরুলিয়ার মানবাজার ও বান্দোয়ান বিধানসভাও হাতছাড়া হল তৃণমূলের।

মানবাজার ও বান্দোয়ানেও বিজেপির জয়
  • ৫ মে, ২০২৬ ১০:০৫

সংবাদদাতা, মানবাজার: পুরুলিয়ার মানবাজার ও বান্দোয়ান বিধানসভাও হাতছাড়া হল তৃণমূলের। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের শক্তঘাঁটি হিসেবে পরিচিত এই দুই কেন্দ্রে এবার জয় ছিনিয়ে নিল বিজেপি। সোমবার ফলাফল ঘোষণার হতেই এলাকাজুড়ে জয়ের উল্লাসে মাতেন বিজেপি কর্মী-সমর্থকরা। ভোট গণনার শুরু থেকেই দুই কেন্দ্রে বিজেপি প্রার্থীরা এগিয়ে ছিল। শেষ পর্যন্ত সেই ধারা বজায় রেখেই জয় নিশ্চিত করেন প্রার্থীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয়স্তরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সাংগঠনিক দুর্বলতা এবং একাংশ কর্মীর অসন্তোষ এই ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অনেক ক্ষেত্রেই দলীয় কর্মীদের মধ্যে সমন্বয়ের অভাব চোখে পড়েছে, যার সুযোগ নিয়েছে বিরোধী শিবির। অন্যদিকে, বিজেপি গত কয়েক মাস ধরে এই এলাকাগুলিতে সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে জোরদার প্রচার চালিয়েছে। গ্রামাঞ্চলে একাধিক সভা, জনসংযোগ কর্মসূচি এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রচার এই জয়ের পিছনে বড় কারণ বলে মনে করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের ইচ্ছা এবং বিকল্প শক্তিকে সমর্থনই এই ফলাফলে প্রতিফলিত হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের।

Advertisement

এদিন পাঁচ রাউন্ড করে গণনা শেষ হওয়ার পর থেকেই বিজেপি কর্মীরা আবির খেলায় মেতে উঠেন। অথচ গত তিনবার বিধানসভা নির্বাচনে মানবাজার থেকে তৃণমূল ভাল ভোটে জয়লাভ করেছিল। এবার গণনাতে এক রাউন্ডেও তৃণমূল এগোতে পারেনি। বান্দোয়ান বিধানসভাতেও একই ঘটনা ঘটে। ২০২১ মানবাজার থেকে ১৫ হাজার বেশি ভোটে জয়লাভ করে তৃণমূল, বান্দোয়ানে ১৮ হাজার ভোটে জয়ী হয়েছিল। কিন্তু এবার পুরোপুরি পাল্লা ভারী হয় বিজেপির। মানবাজার বিধানসভায় ২৭ হাজার ২৪৩ ভোটে জয়ী হয় বিজেপি প্রার্থী ময়না মুর্মু। ভোট পর্ব মিটতে ৫টা নাগাদ বেরিয়ে আসেন তৃণমূল প্রার্থী সন্ধ্যারানী টুডু। 
এরপর তিনি বলেন, মানুষের রায় মাথা পেতে নিতে হবে। অন্যদিকে, বান্দোয়ান বিধানসভার বিজেপি প্রার্থী লবসেন বাস্কে জয়ী হয় ২৯ হাজার ৫৭৭ ভোটে। তিনি মোট ভোট পেয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ৮০টি ভোট। অন্যদিকে, তৃণমূল প্রার্থী রাজীবলোচন সরেন ভোট পান ১ লক্ষ ৪ হাজার৫০৩ ভোট। রাজীব লোচন সরেনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তিনি গাড়িতে করে বেরিয়ে যান। বান্দোয়ান বিধানসভার বিজেপির নেতা পার্সি মুর্মু বলেন, এই জয় সাধারণ মানুষের জয়, জনতা জনার্দনের জয়। পশ্চিমবঙ্গবাসীর জয়।

সম্পর্কিত সংবাদ