নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার সকালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় তৃণমূল সেকেন্ড-ইন কমান্ডের দাবি, এই নির্বাচনে বিজেপিকে ৫০ এর নিচে নামাতেই হবে। এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। অভিষেকের গলাতেও শোনা গেল এক সুর। তিনি জানান, 'কমিশন এক্তিয়ার বহির্ভূত কাজ করছে। মানুষকে ভয় দেখানো হচ্ছে'। এছাড়াও এদিন কেন্দ্রীয় বাহিনীর অতিতত্পরতা নিয়েও সরব হন তিনি। 'আধাসেনাকে দিয়ে মহিলাদের উপর অত্যাচার, গরিব মানুষের উপর অত্যাচার। আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে বিজেপি বাংলাকে দখল করতে চায়। আগামী ৪ তারিখ এদের আর খুঁজে পাওয়া যাবেনা' এমটাই মন্তব্য অভিষেকের।



