Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের এইমসের ‘গাজর’ ঝুলিয়ে উত্তরবঙ্গে জিততে চায় বিজেপি, ‘ন্যাড়া বারবার বেলতলায় যায় না’, তোপ তৃণমূলের

এইমসের ‘টোপ’ দিয়ে পার হয়েছে দু’টি লোকসভা ও একটি বিধানসভা নির্বাচন। ফের একই ‘গাজর’ ঝুলিয়ে এবারও উত্তরবঙ্গে ভোট বৈতরণী পেরনোর চেষ্টা চালাচ্ছে বিজেপি।

ফের এইমসের ‘গাজর’ ঝুলিয়ে উত্তরবঙ্গে জিততে চায় বিজেপি, ‘ন্যাড়া বারবার বেলতলায় যায় না’, তোপ তৃণমূলের
  • ১২ এপ্রিল, ২০২৬ ১৪:০৪

ব্রতীন দাস, জলপাইগুড়ি: এইমসের ‘টোপ’ দিয়ে পার হয়েছে দু’টি লোকসভা ও একটি বিধানসভা নির্বাচন। ফের একই ‘গাজর’ ঝুলিয়ে এবারও উত্তরবঙ্গে ভোট বৈতরণী পেরনোর চেষ্টা চালাচ্ছে বিজেপি। শনিবার জলপাইগুড়ির পদ্ম সাংসদ জয়ন্তকুমার রায় দলের ‘সংকল্পপত্র’ পেশ করতে গিয়ে বলেন, বিজেপি জিতলে উত্তরবঙ্গে এইমস হবে। যদিও উত্তরের কোন জেলায় সেটি হবে, তা নিশ্চিত করতে পারেননি গেরুয়া শিবিরের কর্তা। শুধু তাই নয়, বিগত বেশ কয়েকটি নির্বাচনে এইমস গড়ার প্রতিশ্রুতিকে সামনে রেখে উত্তরবঙ্গ থেকে বিজেপির সাংসদ, বিধায়করা জয়ী হলেও কেন এতদিনে তা হল না, তারও সদুত্তর দিতে পারেননি জলপাইগুড়ির পদ্ম সাংসদ। এনিয়ে তাঁর সাফাই, প্রথমে মোদি সরকারের অবস্থান ছিল, একটি রাজ্যে একটিই এইমস হবে। কিন্তু ভৌগোলিক গুরুত্ব বুঝে উত্তরবঙ্গে যে এইমস দরকার, এখন তা মানছে কেন্দ্রীয় সরকার। ফলে উত্তরে এইমস নিয়ে আমরা আশাবাদী।

Advertisement

যদিও ভোটের মুখে উত্তরবঙ্গে এইমসের আশ্বাসকে বিজেপির ‘জুমলা’ বলে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। তাঁর তোপ, ন্যাড়া বারবার বেলতলায় যায় না। এইমস নিয়ে বিজেপির ‘ভাঁওতাবাজি’তে উত্তরের মানুষ ঊনিশ ও চব্বিশের লোকসভা নির্বাচনে তাদের পক্ষেই ভোট দিয়েছে। একুশেও বেশকিছু আসনে বিজেপি প্রার্থীদের জিতিয়েছেন। কিন্তু ভোটের সময় বিজেপি যা বলে সেটা যে পুরোটাই ‘জুমলা’, তা বুঝে গিয়েছেন উত্তরের বাসিন্দারা। ফলে এবার আর এইমসের ‘গাজর’ ঝুলিয়ে উত্তরবঙ্গে ভোট বৈতরণী পার করতে পারবে না গেরুয়া শিবির।
উত্তরের রাজবংশীরা বিজেপির বিরুদ্ধে যখন একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে সরব, তখন ভোটের ময়দানে রাজবংশী ভাষাকে অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়ে ‘ড্যামেজ কন্ট্রোলে’ মরিয়া বিজেপি। এদিন পদ্ম পার্টির জলপাইগুড়ির এমপি বলেন, বিজেপি জিতলে কুরমালি ও রাজবংশী ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা হবে। যদিও প্রায় দু’মাস আগে এব্যাপারে রাজ্যের তরফে কেন্দ্রকে চিঠি লেখা হলেও এখনও তার জবাব দেয়নি মোদি সরকার। এনিয়ে উত্তরের মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজবংশীদের আবেগ নিয়ে বিজেপি বছরের পর বছর ‘ছিনিমিনি’ খেলেছে বলে নির্বাচনি মঞ্চ থেকে আক্রমণ শানিয়েছেন তিনি। 
এরপরই দলের নির্বাচনি ইস্তাহারে রাজবংশী ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার আশ্বাস দেওয়ায় পদ্ম শিবিরকে বিঁধতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর বক্তব্য, রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছে মমতা সরকার। রাজবংশী ভাষার স্কুল করে দিয়েছে রাজ্য। রাজবংশী ভাষা অ্যাকাডেমি গড়ে দেওয়া হয়েছে। তৈরি হয়েছে রাজবংশী সাংস্কৃতিক ও উন্নয়ন পর্ষদ। রাজবংশী ভাষাকে যাতে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা হয়, সেজন্য কেন্দ্রকে চিঠিও দিয়েছে রাজ্য। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের দেওয়া সেই চিঠির উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি মোদি সরকার। অথচ ইস্যুটিকে বিজেপির নির্বাচনি ইস্তাহারে রাখা হচ্ছে। গেরুয়া শিবিরের এই ‘চালাকি’ রাজবংশীরা বুঝতে পারছেন। এনিয়ে জলপাইগুড়ির বিজেপি এমপি’র সাফাই, চিঠির উত্তর দিলেই তো আর রাজবংশী ভাষা অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত হয়ে যাবে না। তার জন্য বিল পাশ করাতে হবে সংসদে। নিয়ম মেনেই সবটা হবে।

সম্পর্কিত সংবাদ