Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিষ্ণুপুরে প্রার্থী বদলেও অস্বস্তি বিজেপিতে, নতুন মুখ নিয়ে গুচ্ছ অভিযোগ

অবশেষে বিষ্ণুপুর কেন্দ্রে নতুন প্রার্থী দিল বিজেপি। তবে নয়া মুখ ঘোষণা করলেও তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রার্থী অভিজিৎ সর্দারের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ।

বিষ্ণুপুরে প্রার্থী বদলেও অস্বস্তি বিজেপিতে,  নতুন মুখ নিয়ে গুচ্ছ অভিযোগ
  • ৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অবশেষে বিষ্ণুপুর কেন্দ্রে নতুন প্রার্থী দিল বিজেপি। তবে নয়া মুখ ঘোষণা করলেও তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রার্থী অভিজিৎ সর্দারের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। তাঁর বিরুদ্ধে দলীয় এক কর্মীর চোখে গরম চা ঢেলে দেওয়া থেকে বিধানসভার ইনচার্জকে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি কর্মীদের একাংশ। থানাতেও অভিযোগ দায়ের হয়েছিল তাঁর নামে। ফলে প্রার্থীর নাম বদল হলেও যে গেরুয়া পার্টি অস্বস্তিতে রয়েছে, তা এই ঘটনাতেই স্পষ্ট। জানা গিয়েছে, এই প্রার্থী এক সময়ে বিজেপির ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন। তাঁর আমলে একাধিক বিতর্কিত ঘটনা ঘটে। দলীয় কর্মীরা তাঁর বিরুদ্ধে রাজ্য নেতৃত্বের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। বিজেপির একাংশের দাবি, অভিজিৎবাবুর বিরুদ্ধে দলের শীর্ষ নেতৃত্বের কাছে নালিশ করার পরও কীভাবে তাঁকে প্রার্থী করা হল, সেটাই আশ্চর্যের। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী। অভিজিৎবাবু বলেন, যাঁরা এসব রটাচ্ছেন, তাঁরা বিজেপির কেউ নন। তাঁরা তৃণমূলের লোক। আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। প্রসঙ্গত, প্রথমে এই কেন্দ্রে অগ্নিশ্বর নস্করকে টিকিট দিয়েছিল বিজেপি। পরে তাঁকে সরিয়ে সাতগাছিয়া কেন্দ্রে পাঠানো হয়। তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসন হলেও সেখানে একজন জেনারেল ক্যাটিগরির নেতাকে প্রার্থী করা হয়। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়ে স্থানীয় নেতৃত্ব। সংরক্ষণের গেরোয় দশদিনের বেশিও ওই প্রার্থী ঘরেই বসেছিলেন। কারণ তাঁর প্রচারের সুযোগই ছিল না। এবার তাঁর নাম বাদ দিয়ে নয়া মুখ দিল বিজেপি। তাতেও বিতর্ক পিছু ছাড়ছে না, বরং তা বেড়েছে। যা দলীয় কর্মীদের মধ্যে প্রভাব ফেলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ