Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

গৌড়বঙ্গে রামনবমীর শোভাযাত্রায় বিজেপি, তৃণমূলের প্রার্থীরা

রামনবমী উপলক্ষ্যে বৃহস্পতিবার গৌড়বঙ্গের বিভিন্ন জায়গায় শোভাযাত্রা হয়। গেরুয়া পতাকা নিয়ে শোভাযাত্রায় শামিল হন হাজার হাজার রামভক্ত

গৌড়বঙ্গে রামনবমীর শোভাযাত্রায় বিজেপি, তৃণমূলের প্রার্থীরা
  • ২৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: রামনবমী উপলক্ষ্যে বৃহস্পতিবার গৌড়বঙ্গের বিভিন্ন জায়গায় শোভাযাত্রা হয়। গেরুয়া পতাকা নিয়ে শোভাযাত্রায় শামিল হন হাজার হাজার রামভক্ত। সব জেলায় সুষ্ঠুভাবে শোভাযাত্রা সম্পন্ন হলেও উত্তর দিনাজপুরের ইসলামপুরে বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদ। গ্রামাঞ্চল থেকে আসা ছোট ছোট কয়েকটি শোভাযাত্রাকে আটকে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এই অভিযোগে ইসলামপুরের কলেজ মোড় সংলগ্ন এলাকায় পিডব্লুডি রোডে বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনটির উত্তরবঙ্গ প্রান্তের সামাজিক সমরসতা অভিযান প্রমুখ গৌরাঙ্গ তলাপাত্র বলেন, বলঞ্চা, রামগঞ্জ ও চোপড়ায় পুলিশ শোভাযাত্রা আটকে দিয়েছে। প্রায় ১৫ মিনিট বিক্ষোভের ফের শোভাযাত্রা শুরু হয়। ইসলামপুর পুলিশ জেলার এসপি রাকেশ সিং বলেন, র‌্যালি আটকানো হয়নি। নির্দিষ্ট রুটে যেতে বলা হয়েছিল। পরে তারা সেটা মেনেও নিয়েছে।   শোভাযাত্রায় ডিজে সাউন্ড সিস্টেম আগেই নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপরেও এদিন শোভাযাত্রায় ডিজে বাজানো হয়েছে বলে অভিযোগ। এপ্রসঙ্গে এসপি বলেন, আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিনের শোভাযাত্রায় বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় ও তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল জনসংযোগ করেন। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর সদরে রামনবমীর শোভাযাত্রায় শামিল হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শোভাযাত্রার আগে হরিরামপুর বেটনা মাঠে রামের আরাধনা হয়। শোভাযাত্রায় মন্ত্রীর সঙ্গে হরিরামপুরের বিজেপি প্রার্থী দেবব্রত মজুমদার ছিলেন। কালিয়াগঞ্জে রামনবমীর শোভাযাত্রায় পা মেলান তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য ও বিজেপি প্রার্থী উত্পল মহারাজ। দুই ফুলের নেতাকর্মীরাও রামনবমীর মিছিলে হাঁটেন। যদিও শোভাযাত্রায় অংশ নিয়ে কোনো বিতর্কিত মন্তব্য করতে চাননি দুই দলের প্রার্থী। তৃণমূল প্রার্থী নিতাই বলেন, এটাই কালিয়াগঞ্জের সংস্কৃতি। বিজেপি প্রার্থী বলেন, আমি প্রতিবছর শোভাযাত্রায় থাকি। এবারও ভক্ত হিসেবে উপস্থিত ছিলাম।  ইসলামপুরে রামনবমীর শোভাযাত্রায় তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ