


নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরই হাওড়া জেলার রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্র। সোমবার প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি ও বামফ্রন্ট। সেই তালিকায় উত্তর হাওড়া কেন্দ্রে ফের বিজেপি প্রার্থী করেছে গত দু’বারের পরাজিত মুখ উমেশ রাইকে। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই দলের অন্দরে কর্মী-সমর্থকদের একাংশের মধ্যে শোনা গিয়েছে ক্ষোভের সুর। এই দফায় হাওড়া জেলায় শহর ও গ্রামীণ মিলিয়ে মোট পাঁচটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে বিজেপি। তবে রাজনৈতিক মহলের নজর আপাতত উত্তর হাওড়ার দিকেই। বাঙালি ভোটারের পাশাপাশি এই কেন্দ্রে বড়ো সংখ্যায় হিন্দিভাষী ও সংখ্যালঘু ভোটার রয়েছেন। ফলে ভোটের সমীকরণ কোন দিকে গড়াবে, তা নিয়ে এসআইআর পর্বের শুরু থেকেই অঙ্ক কষছে তৃণমূল ও বিজেপি। এই পরিস্থিতিতে দলের দীর্ঘদিনের সংগঠক উমেশ রাইকেই আবার প্রার্থী করেছে পদ্ম শিবির। উমেশ বলেন, ‘গত নির্বাচনে রাজনৈতিক হিংসার শিকার হয়েছিলাম। খুব সামান্য ব্যবধানে হারতে হয়েছিল। দল আবার আমার উপর আস্থা রেখেছে। এবার বিপুল ব্যবধানে জয় এনে দেওয়ার লক্ষ্যেই লড়াই করব।’ যদিও দলের ভিতরেই এ নিয়ে ভিন্ন মত রয়েছে। দলের একাংশের দাবি, ২০১১ সালে প্রায় ১৯ হাজার ৬১০ ভোটে পরাজিত হয়েছিলেন উমেশ রাই। ২০২১ সালেও তাঁকে ৫ হাজার ৫২২ ভোটে হারতে হয়। তাই দীর্ঘদিনের কর্মীদের মধ্যে অন্য কাউকে সুযোগ দেওয়া যেত বলেই মত অনেকের। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি কর্মীর কথায়, ‘প্রার্থী তালিকা দেখে মনে হচ্ছে, দল যেন ইচ্ছাকৃতভাবেই তৃণমূলের কাছে হারতে চাইছে।’ তবে এই অসন্তোষের কথা উড়িয়ে দিয়ে বিজেপির জেলা সম্পাদক ওমপ্রকাশ সিং জানান, ‘প্রার্থীকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছি। দল যাকে মনোনীত করেছে, তাঁর হয়ে আমরা সবাই মিলে জোর লড়াইয়ে নামব।’ পাশাপাশি, ডোমজুড় কেন্দ্রেও বিজেপির প্রার্থী নির্বাচন নিয়ে চর্চা শুরু হয়েছে। সেখানে প্রার্থী করা হয়েছে গোবিন্দ হাজরাকে। এই প্রাক্তন পঞ্চায়েত সদস্য ২০২১ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। পরবর্তীতে দুর্নীতির অভিযোগে কিছুদিন জেলও খাটতে হয় তাঁকে। ফলে তাঁর নাম ঘোষণার পর দলীয় কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভের সুর শোনা যাচ্ছে। এছাড়াও শিবপুর, উলুবেড়িয়া দক্ষিণ ও আমতা কেন্দ্রে প্রার্থী দিয়েছে বিজেপি। যদিও বিজেপির প্রার্থী তালিকাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। উত্তর হাওড়ার বিধায়ক তথা তৃণমূলের হাওড়া জেলা সদরের সভাপতি গৌতম চৌধুরী বলেন, ‘মানুষ কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই ভোটাররা খুব ভালো করেই জানেন কাকে ভোট দিতে হবে।’ ডোমজুড় ব্লক তৃণমূলের সভাপতি তাপস মাইতির কটাক্ষ, ‘বাংলায় নির্বাচন হচ্ছে। অথচ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে শুধু ইংরেজি ও হিন্দি ভাষায়। আর কিছু বলার নেই।’ অন্যদিকে, শহর ও গ্রামীণ মিলিয়ে জেলার ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। এর মধ্যে ৯টি আসনে সিপিএম এবং ৪টি আসনে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে।