Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

৪৬ নম্বর ওয়ার্ডে বেহাল নিকাশি বোরো চেয়ারপার্সনকে স্মারকলিপি বিজেপির

৪৬ নম্বর ওয়ার্ডের বেহাল নিকাশি ব্যবস্থা সহ একাধিক পুর পরিষেবা নিয়ে বিক্ষোভে শামিল হলেন বিজেপির কর্মী-সমর্থকেরা।

৪৬ নম্বর ওয়ার্ডে বেহাল নিকাশি বোরো চেয়ারপার্সনকে স্মারকলিপি বিজেপির
  • ১৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ৪৬ নম্বর ওয়ার্ডের বেহাল নিকাশি ব্যবস্থা সহ একাধিক পুর পরিষেবা নিয়ে বিক্ষোভে শামিল হলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। বৃহস্পতিবার ১ নম্বর বোরো অফিসে স্মারকলিপি দিতে গিয়ে বিক্ষোভ দেখান দলের ১ ও ২ নম্বর মণ্ডলের কর্মী-সমর্থকরা। দীর্ঘক্ষণ বোরো চেয়ারপার্সন গার্গী চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। পরে দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হয় তাঁকে। বোরো চেয়ারপার্সন দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। 

Advertisement

এদিন সকালে মাল্লাগুড়ি সংলগ্ন এলাকা থেকে মিছিল করে ১ নম্বর বোরো অফিসে পৌঁছন বিজেপি কর্মী-সমর্থকরা। নির্ধারিত সময়ে বোরো অফিসে পৌঁছেও চেয়ারপার্সনের দেখা না মেলায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। এরপরই বিক্ষোভ দেখান। চেয়ারপার্সনকে দ্রুত আসার দাবি জানানো হয়। এর কিছুক্ষণ পরই চেয়ারপার্সন উপস্থিত হন। তাঁর সঙ্গে যাতে কোনোভাবেই খারাপ ব্যবহার না করা হয়, তা নিশ্চিত করতে কর্মীদের নির্দেশ দেন বিজেপি নেতৃত্ব। পরে বিজেপি কর্মীরা চেয়ারপার্সনের সঙ্গে দেখা করেন। তাঁরা বোরো অধীন একাধিক এলাকায় বৃষ্টির জল জমে থাকা এবং অন্যান্য নাগরিক সমস্যা নিয়ে স্মারকলিপি জমা দেন। সাতদিনের মধ্যে নিকাশি সমস্যা সমাধান না হলে, আগামীতে আরও বড়ো আন্দোলনে নামা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি কর্মীরা।
চেয়ারপার্সন বলেন, সাতদিনের মধ্যে ৪৬ নম্বর ওয়ার্ড থেকে সমস্ত জল বের করতে কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য যে সকল পরিষেবার দাবি জানানো হয়েছে সেগুলোও পূরণ করার চেষ্টা করব। 
• নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ