নিজস্ব প্রতিনিধি, বরানগর: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে খড়দহে সিপিএম অফিসে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। শনিবার খড়দহ কল্যাণনগর বটতলায় সিপিএমের একটি দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। অভিযোগ, সেখানে সিপিএমের দলীয় পতাকার নীচে ছিল ভারতের জাতীয় পতাকা। পাশাপাশি একটি নর্দমার উপর পতাকা উত্তোলনের অভিযোগ ওঠে। এই দৃশ্য দেখার পর প্রতিবাদে ফেটে পড়েন স্থানীয় বিজেপি কর্মীরা। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। স্থানীয় বিজেপি নেতা দিলীপ কুমার দাশগুপ্ত বলেন, জাতীয় পতাকার উপরে কমিউনিস্ট পার্টির পতাকা – এর থেকেই প্রমাণ হয় ওঁরা কতটা দেশবিরোধী। এটা ঘোরতর অন্যায়। অন্যদিকে বিজেপির বিক্ষোভকে পাত্তা না দিয়ে স্থানীয় সিপিএম নেতা চারণ চক্রবর্তী বলেন, জাতীয় পতাকা সব সময়েই সবার উপরে থাকবে। যেটা হয়েছে সেটা ভুল হয়েছে। যারা এটা করেছেন তাঁরা অন্যায় করেছেন। ভুলটা শুধরে নিলে ভালো হতো।



