Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া সদরের সহ সভাপতিকে শো’কজ বিজেপির

দলের গাইডলাইনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির বিপুল জয়ের পর দলের কর্মীদের এই ভাষাতেই সতর্ক করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

হাওড়া সদরের সহ সভাপতিকে শো’কজ বিজেপির
  • ২৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: দলের গাইডলাইনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির বিপুল জয়ের পর দলের কর্মীদের এই ভাষাতেই সতর্ক করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার দলবিরোধী কার্যকলাপের জন্য বিজেপির হাওড়া সদরের সহ সভাপতি মোহিতলাল ঘাঁটিকে শো’কজ করল দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। আগামী সাতদিনের মধ্যে তাঁকে দলবিরোধী কার্যকলাপের কারণ জানাতে বলা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাঁকে দলের সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

Advertisement

বিজেপি সূত্রে খবর, বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচার করেছিলেন বলে মোহিতলালের বিরুদ্ধে অভিযোগ। এমনকি, বিরোধীদের সঙ্গে আর্থিক লেনদেনেরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। নির্বাচনের ফল প্রকাশের পর তাঁর বিরুদ্ধে এলাকায় ভয়-ভীতি ছড়ানো, হুমকি, অপপ্রচার সহ একাধিক দলবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে। এরপরেই মোহিতলাল ঘাঁটিকে বৃহস্পতিবার দলের শৃঙ্খলা রক্ষা কমিটি শো’কজ করে। 
শো’কজের কথা স্বীকার করেছেন বিজেপির হাওড়া সদরের সহ সভাপতি মোহিতলাল। যদিও তাঁর দাবি, বিধানসভা নির্বাচনে দলের স্বার্থে কাজ করেছি। অথচ পাঁচলা কেন্দ্রের প্রার্থী রঞ্জন পাল আমার নামে মিথ্যা অভিযোগ করেছেন। আমি জানি না কেন, আমার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি শো’কজের উত্তর দেওয়ার পাশাপাশি প্রার্থীর নামে পালটা অভিযোগ করেছি। শুধু আমি একা নয়, প্রার্থীর বিরুদ্ধে চারটি মণ্ডলের সভাপতি, কনভেনার, মণ্ডল কমিটি দলের কাছে অভিযোগ জানিয়েছে বলে দাবি করেন মোহিতলাল ঘাঁটি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ