


নিজস্ব প্রতিনিধি, মালদহ: গৌড়বঙ্গের কয়েকটি আসনে প্রার্থী হিসেবে নতুন মুখ তুলে আনল বিজেপি। আবার আগেরবার জেতা আসনে প্রার্থীর নাম ঘোষণা থেকে বিরত থেকেছে দল। নেতারা বলছেন, চুলচেরা বিশ্লেষণ চলছে। কয়েকদিনেই সেগুলিতে নাম ঘোষণা করা হবে।
সোমবার বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হয়। দেখা যায় মালদহের ১২ টি আসনের মধ্যে ৯ টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে তারা। বাকি তিনটি আসনে প্রার্থীর নাম দ্বিতীয় পর্যায়ে জানানো হবে। তাৎপর্যপূর্ণভাবে যে তিনটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি, তার মধ্যে ইংলিশবাজারও রয়েছে।
মালদহ জেলার সদর শহর ইংলিশবাজার। এখানকার বিদায়ী বিধায়ক বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী। যাঁকে নিয়ে প্রথম থেকেই অস্বস্তিতে দল। কারণ একটাই। ভোটে জেতার পর থেকে অধিকাংশ সময় তাঁকে ইংলিশবাজারে পাওয়া যায়নি। সেকথা দলের নেতাকর্মীরাই স্বীকার করেন। বিরোধী দলগুলিও এনিয়ে বারবার সরব হয়েছে।
শ্রীরূপাকে এবার প্রার্থী করা হবে না বলেও কয়েকবার চর্চা শুরু হয়েছিল। এসবের মধ্যেই এদিন ইংলিশবাজার কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় জল্পনা আরও বেড়ে গিয়েছে। বৈষ্ণবনগর ও হরিশ্চন্দ্রপুর কেন্দ্রেও নাম ঘোষণা করেনি পদ্ম শিবির।
বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গড়বে। তাই প্রার্থী তালিকা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। সেই কারণে একটু সময় লাগছে।
হবিবপুর, গাজোল এবং মালদহ আসনে দলের তিন বিদায়ী বিধায়ক জুয়েল মুর্মু, চিন্ময় দেব বর্মন ও গোপাল চন্দ্র সাহাকেই পুনরায় প্রার্থী করেছে বিজেপি। এছাড়াও চাঁচলে রতন দাস, মালতীপুরে আশিস দাস, রতুয়ায় অভিষেক সিঙ্ঘানিয়া, মানিকচকে গৌরচন্দ্র মণ্ডল এবং মোথাবাড়ি ও সুজাপুরে নিবারণ ঘোষ এবং অভিরাজ চৌধুরীকে প্রার্থী করেছে পদ্মপার্টি।
এদিকে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এবং তপন কেন্দ্রে সত্যেন রায় ও বুধরাই টুডুকে পুনরায় টিকিট দিয়েছে দল। বালুরঘাটের বিদায়ী বিধায়ক অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর শিকে ছেঁড়েনি। তাঁর পরিবর্তে বিজেপিতে যোগদানের চব্বিশ ঘণ্টার মধ্যে ওই কেন্দ্রে বিশিষ্ট আইনজীবী বিদ্যুৎ কুমার রায়কে প্রার্থী করা হয়েছে। তবে বিজেপি সূত্রে খবর, ভোটে জেতার পর বালুরঘাটে বিধায়ককে পাওয়া যেত না বলেই বারবার অভিযোগ উঠেছে। সেজন্যই হয়তো এবার বদল করা হয়েছে।
এদিকে কুমারগঞ্জে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু সরকার। তিনি বালুরঘাটের বাসিন্দা। বর্তমানে তিনি রাজ্য ওবিসি মোর্চার রাজ্য সভাপতি। হরিরামপুরের প্রার্থী দেবব্রত মজুমদার। কুশমণ্ডিতে টিকিট পেয়েছেন তাপস চন্দ্র রায়।
অন্যদিকে, নতুন মুখকে সামনে রেখেই উত্তর দিনাজপুর জেলায় ৯ আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী দিল বিজেপি। এরমধ্যে উল্লেখযোগ্য আসন ছিল কালিয়াগঞ্জ। যেটি জেলার মধ্যে বিজেপির গড় হিসেবেই পরিচিত। সেখানে বিধায়ক সৌমেন রায়ের বদলে প্রার্থী হচ্ছেন কালিয়াগঞ্জের উৎপল মহারাজ। যিনি কুনোর ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ। এছাড়াও গোয়ালপোখরে সুরজিৎ বিশ্বাস, চাকুলিয়াতে মনোজ জৈন, করণদিঘিতে আইনজীবী বিরাজ বিশ্বাস এবং রায়গঞ্জ আসনে লড়বেন কৌশিক চৌধুরী।
বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, স্বচ্ছ ভাবমূর্তি,স্বচ্ছ ইমেজ আছে এমন ব্যক্তিদেরকেই এবার প্রার্থী হিসেবে বাছাই করা হয়েছে। • মানিকচকে বিজেপি প্রার্থীর প্রচার। - নিজস্ব চিত্র।