Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নদীয়ায় প্রার্থী বদলের দাবিতে বিজেপির বিক্ষোভ

নদীয়া জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে বিজেপির নেতা-কর্মীদের ক্ষোভ বিক্ষোভ অব্যাহত রয়েছে।

নদীয়ায় প্রার্থী বদলের দাবিতে বিজেপির বিক্ষোভ
  • ২২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর এবং সংবাদদাতা রানাঘাট: নদীয়া জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে বিজেপির নেতা-কর্মীদের ক্ষোভ বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবারও রানাঘাট দক্ষিণ ও উত্তর-পূর্ব এই  দুই কেন্দ্রে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অনিয়ম সহ নানা অভিযোগে সরব হন বিজেপির নেতা-কর্মীরা। তাঁরা প্রার্থী বদলের দাবিতে রানাঘাট জেলা কার্যালয়ে বিক্ষোভ দেখান। বিকেলের দিকে কৃষ্ণগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পথে নামেন মতুয়া সম্প্রদায়ের লোকজন। তাঁরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভের ভয়ে কৃষ্ণনগর উত্তর এবং কল্যাণী কেন্দ্রে এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি বলে মনে করছে রাজনৈতিক মহল। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করা হয়েছে চিকিৎসক অসীমকুমার বিশ্বাসকে। পাশাপাশি রানাঘাট উত্তর পূর্বে দল প্রার্থী করেছে বিদায়ী বিধায়ক অসীম বিশ্বাসকেই। তাঁদের দু’জনের বিরুদ্ধেই পথে নেমেছে বিজেপি কর্মীরা। শুক্রবারের পর ফের শনিবারও একই ছবি ধরা পড়ল রানাঘাট বিজেপির নদীয়া দক্ষিণের জেলা কার্যালয়ে। এদিন দুই বিধানসভা কেন্দ্র থেকে মতুয়া সম্প্রদায়ের লোকজন সহ বিজেপি কর্মী-সমর্থকরা এসে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখান।  

Advertisement

বিজেপির এসসি মোর্চার জেলার সহ সভাপতি প্রমথ সরকার বলেন, এখন কর্মীরা সংকটে। তাই আন্দোলনে শামিল হয়েছি। আমাদের সঙ্গে বহু মতুয়া ভক্তও সামিল হয়েছেন। কারণ এই কেন্দ্রে দল যাঁকে প্রার্থী করেছে তাঁকে কেউ মানতে চাইছেন না। রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা এলাকার বিজেপি নেতা স্বপন মণ্ডল বলেন, আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। বিধায়ক হয়ে অসীমবাবু কোনো কাজই করেননি। করিমপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষকে নিয়েও ক্ষোভ সামনে আসে। একইভাবে পলাশীপাড়া বিধানসভাতেও প্রার্থী অনিমা দত্তকে নিয়ে ক্ষোভ রয়েছে। গ্রহণযোগ্যতার প্রশ্ন তুলে প্রার্থী বদলের দাবি জানান ওই কেন্দ্রে বিজেপি কনভেনর থেকে শুরু করে একাধিক মণ্ডল সভাপতিও। একইভাবে চাপড়া বিধানসভার দলীয় প্রার্থী সৈকত সরকারকে নিয়েও বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। চাপড়ার বর্ষীয়ান বিজেপি নেতা ষষ্ঠীচরণ হালদার বলেন, আমরা চাপড়ায় ভূমিপুত্র কাউকে প্রার্থী হিসেবে দেখতে চাই।
রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপির সভানেত্রী অপর্ণা নন্দী বলেন, প্রার্থী হওয়ার জন্য অনেকেই ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কিন্তু, টিকিট না পাওয়ায় আবেগের বহিঃপ্রকাশ ঘটছে। বিষয়টি নিয়ে সংগঠনের পক্ষ থেকে বসা হচ্ছে।  কৃষ্ণনগর সাংগঠনিক জেলা বিজেপি মুখপাত্র সন্দীপ মজুমদার বলেন, কারা বিক্ষোভ দেখাচ্ছে জানি না। হয়তো তৃণমূলের লোকজনই আমাদের দলের পতাকা হাতে বিক্ষোভ দেখাচ্ছে।  তৃণমূলের জেলা সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, যাদের কোনো নীতি আদর্শ নেই, তাদের দলে এমন হওয়াটাই স্বাভাবিক।

Advertisement
সম্পর্কিত সংবাদ