Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

খালের উপর তৈরি হচ্ছে বিজেপির পার্টি অফিস, দলের অন্দরে আপত্তি

ঠাকুরপুকুর এলাকায় হাঁসখালি খালের (কেউ কেউ বলেন নয়ানজুলি) উপর ধাপে ধাপে গড়ে উঠছে বিজেপির পার্টি অফিস।

খালের উপর তৈরি হচ্ছে বিজেপির পার্টি অফিস, দলের অন্দরে আপত্তি
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঠাকুরপুকুর এলাকায় হাঁসখালি খালের (কেউ কেউ বলেন নয়ানজুলি) উপর ধাপে ধাপে গড়ে উঠছে বিজেপির পার্টি অফিস। তা নিয়ে আপত্তি জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তা সত্ত্বেও কাজ বন্ধ হচ্ছে না। স্থানীয় নেতাদের অভিযোগের তির বেহালা পূর্বের বিধায়ক শংকর শিকদারের দিকে। তাঁদের অভিযোগ, বিধায়কের মদতেই জনা চারেক স্থানীয় বিজেপি সমর্থক ওই পার্টি অফিসটি তৈরি করছেন। এই কাজে টাকা ঢালছেন দীর্ঘদিন জেল খেটে আসা এক প্রোমোটার। বিজেপির রাজ্য নেতৃত্বকেও বিষয়টি জানানো হয়েছে বলে খবর। বেহালা পূর্বের ৪ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সমীর ভট্টাচার্য বলেন, ‘বিষয়টি জানার পরেই আপত্তি জানিয়েছি। স্থানীয় কয়েকজনের মদতে এটা হচ্ছে। বিধায়ককেও জানিয়েছি। তবে, তিনি কাজ চালিয়ে যাওয়ার পক্ষে। এরকম হলে দলের ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে খারাপ হবে।’ স্থানীয়দের মতে, ১৪৪ নম্বর ওয়ার্ডে থাকা হাঁসপুকুর খালটি পূর্তদপ্তরের অধীনে বলেই তাঁরা জানেন। এই অবস্থায় বিল্ডিং নির্মাণ হলে বর্ষাকালে জলের ধারা বন্ধ হয়ে যাবে। ফলে এমনিতেই জল জমার সমস্যায় ভোগা এই এলাকায় ভোগান্তি আরও বাড়বে। প্রসঙ্গত, এ নিয়ে সমীরবাবুর সঙ্গে বিধায়কের টেলিফোনিক কথাবার্তা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ঠাকুরপুকুর থানা ও কলকাতা পুরসভার এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। এ নিয়ে বিধায়ককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আগে ভালোভাবে খোঁজ নিই। তারপরে এ বিষয়ে মন্তব্য করব।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ