সংবাদদাতা, রামপুরহাট: এতদিন তৃণমূলের বাধায় সম্ভব হয়নি, রাজ্যে ক্ষমতা পেতেই নলহাটির শীতলগ্রামে নতুন কার্যালয়ের উদ্বোধন করল বিজেপি। সোমবার এলাকায় শক্তি প্রদর্শনের পাশাপাশি রাজনৈতিক ভারসাম্যের ইঙ্গিত দিল গেরুয়া শিবির। তৃণমূলের দীর্ঘ শাসনকালে যে ‘জনবিচ্ছিন্নতা’ বা দুর্নীতির অভিযোগ উঠেছিল, তা থেকে শিক্ষা নিয়ে বিজেপি শুরু থেকেই নিজেদের একটি স্বচ্ছ ইমেজ তৈরি করতে কার্যালয়ের বাইরে বসানো হল ‘অভিযোগ বাক্স’। উপস্থিত ছিলেন, দলের জেলা সম্পাদক মলয় অধিকারী, এসসি মোর্চার জেলা সভাপতি ঝলক মণ্ডল ও অঞ্চল প্রমুখ দীনবন্ধু মণ্ডল, শীতল গ্রামের বিজেপি নেতা দেবাশিস সিনহা প্রমুখ। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপির এই সর্তকতা এবং জনমুখী উদ্যোগ বেশ কৌতুহল জাগিয়েছে। শীতলগ্রাম হাসন বিধানসভার অর্ন্তগত। তৃণমূল জমানায় এখানে পার্টি অফিস খোলা দূরঅস্ত, দলের কাজকর্ম পর্যন্ত চালাতে পারত না বিজেপি। এই কেন্দ্রে তৃণমূলের কাজল শেখ জিতলেও রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায় আশাপূরণ হয়েছে তাঁদের। এদিই প্রথম প্রশাসনিক বৈঠক হয়েছে। তাতেই ভয় ‘আউট’ ভরসা ‘ইন’ হওয়ায় এদিন শীতলগ্রামে দলীয় কার্যালয় খোলার পাশাপাশি বিজয় উৎসবে মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থকরা। গ্রামের মানুষ থেকে পথচলতি মানুষদের জন্য কার্যালয়ের সামনে ঝালমুড়ি, লাড্ডু ও চায়ের স্টল করা হয়। বক্স বাজিয়ে একে অপরকে গেরুয়া আবির মাখিয়ে উৎসব পালন হয়। বিজেপি নেতাদের মতে, বড়সড় জাঁকজমক করার চেয়ে জনগণের সঙ্গে মিশে যাওয়াকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছেন।



