নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পুরুলিয়ায় এবার জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার প্রস্তাব দিচ্ছে রাজ্য বিজেপি। কংসাবতী নদীর উপর তৈরি হবে বাঁধ। জানা যাচ্ছে, বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতর উদ্যোগেই এব্যাপারে পদক্ষেপ করা হচ্ছে। শীঘ্রই রাজ্য সরকারের কাছে চিঠি পাঠাবেন জ্যোতির্ময়বাবু। এব্যাপারে তিনি কেন্দ্র এবং রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীদের সঙ্গেও দেখা করার পরিকল্পনা করছেন। বৃহস্পতিবার তিনি বলেন, ‘প্রশাসনিক স্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে আমি ইতিমধ্যে সাইট পরিদর্শন করেছি। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সেইমতো কাজ এগবে। আমি সুনির্দিষ্ট প্রস্তাব রাজ্যের কাছে পাঠাব।’
রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি সরকার দাবি করছে, বাংলায় প্রভূত শিল্প সম্ভাবনা তৈরি হয়েছে। নিয়মিতভাবে শিল্পে বিনিয়োগের প্রস্তাবও আসছে। এই প্রেক্ষাপটে পুরুলিয়ায় জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে এহেন চর্চাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, রাজ্যে কেমিক্যাল পার্ক গঠনের ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কেন্দ্রের ভব্য যোজনা প্রকল্পের আওতায় কেমিক্যাল পার্ক গড়ে তোলার ব্যাপারে আরজি জানানো হয়েছে। সূত্রের খবর, এর জন্য সিঙ্গুর, হলদিয়া, রঘুনাথপুর ও দুর্গাপুরের নাম প্রস্তাব করা হয়েছে। শেষ পর্যন্ত কোথায় এই কেমিক্যাল পার্ক হবে, তা এখনো চূড়ান্ত নয়।