নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আধুনিক হবে জলপাইগুড়ি মেডিকেলের পরিকাঠামো। মিলবে উন্নত চিকিৎসা। রাজ্যে পালাবদল হওয়ায় এমনটাই দাবি বিজেপির জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়ের। বুধবার তিনি বলেন, ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্যসচিবের সঙ্গে জলপাইগুড়ি মেডিকেল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আমার কথা হয়েছে। শীঘ্রই এই দু’টি মেডিকেলের চেহারা বদলে যাবে। মানুষ এখান থেকে আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন। সাংসদ বলেন, গুরুত্বপূর্ণ বিভাগ চালুর পাশাপাশি জলপাইগুড়ি মেডিকেলে পোস্ট গ্র্যাজুয়েট সিট চালুর উদ্যোগ নেওয়া হবে। উত্তরবঙ্গ মেডিকেলে যাতে শীঘ্রই ক্যাথ ল্যাব চালু করা যায়, সেই বিষয়টিও মাথায় রাখা হয়েছে। এমপির বক্তব্য, রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার হয়েছে। যেহেতু আমি একজন চিকিৎসক, ফলে স্বাস্থ্য পরিকাঠামো উন্নতির ব্যাপারে সবচেয়ে মনোযোগী হব আমি।
২০২২ সালে জলপাইগুড়ি মেডিকেল কলেজ চালু হয়। তবে এখনও সব বিভাগ চালু হয়নি। জলপাইগুড়ি মেডিকেল কলেজ সূত্রে অবশ্য খবর, নিউরোলজি, কার্ডিওলজি ও ইউরোলজি বিভাগ চালুর জন্য আগেই স্বাস্থ্যভবনে আবেদন জানানো হয়েছে। পাশাপাশি এমডি মেডিসিন, এমডি পেডিয়াট্রিক ও এমএস সার্জারি যাতে চালু হয়, সেব্যাপারেও সংশ্লিষ্ট মহলে দরবার করেছে জলপাইগুড়ি মেডিকেল কর্তৃপক্ষ। কিন্তু এনিয়ে এখনও সবুজ সংকেত মেলেনি। বর্তমানে মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক ও গাইনোকোলজি বিভাগের ডিএনবি চালু রয়েছে জলপাইগুড়ি মেডিকেলে।
এদিন বিজেপির জলপাইগুড়ির এমপি বলেন, উত্তরবঙ্গের মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত। এজন্য তাঁদের ভিন রাজ্যে যেতে হয়। এবার থেকে যাতে তাঁরা উত্তরেই আধুনিক ও উন্নত চিকিৎসা পান, তার উদ্যোগ নেওয়া হবে। আমাদের একটু সময় দিন। কথা দিচ্ছি, উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবার চেহারাটাই বদলে যাবে।
বিগত বেশ কয়েকটি নির্বাচনে উত্তরবঙ্গে এইমসের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এবারও উত্তরে বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার ছিল এইমস। রাজ্যে পালাবদলে এবার উত্তরবঙ্গে এইমস হবে বলে মনে করছেন বাসিন্দারা। পাশাপাশি জলপাইগুড়ি মেডিকেলে এখনও পর্যন্ত এমআরআই মেশিন নেই। আলট্রাসোনোগ্রাফির ডেট পেতে মাসের পর মাস অপেক্ষা করতে হয়। মাঝেমধ্যেই বিগড়ে যায় এক্স রে কিংবা ডায়ালিসিস মেশিন। রাজ্যে নতুন সরকারের পাশাপাশি বিজেপি বিধায়করা যাতে এসব বিষয়েও নজর দেন, সেই আর্জি রেখেছেন জলপাইগুড়ির সাধারণ মানুষ। এনিয়ে এমপির দাবি, সবটাই আমাদের মাথায় আছে। জলপাইগুড়ি মেডিকেলে নিশ্চয়ই এমআরআই মেশিন বসবে। বিজেপির জলপাইগুড়ির জয়ী প্রার্থী অনন্তদেব অধিকারীর মন্তব্য, আগে শপথ নিই। তারপর জলপাইগুড়ির মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে উন্নয়নের কাজে ঝাঁপাব। অগ্রাধিকারের ভিত্তিতে কাজ হবে।