Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হাসপাতালে ‘তদারকি প্রতিনিধি’ পাঠাচ্ছেন বিজেপি বিধায়করা, বিতর্ক

হাসপাতালের কাজ ‘তদারকি’ করার জন্য হুগলি জেলায় বিধায়কদের একাংশ ‘প্রতিনিধি’ নিয়োগ শুরু করেছে।

হাসপাতালে ‘তদারকি প্রতিনিধি’ পাঠাচ্ছেন বিজেপি বিধায়করা, বিতর্ক
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হাসপাতালের কাজ ‘তদারকি’ করার জন্য হুগলি জেলায় বিধায়কদের একাংশ ‘প্রতিনিধি’ নিয়োগ শুরু করেছে। সম্প্রতি উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী নিজের বিধানসভার প্যাডে এ বিষয়ে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপারকে চিঠি দিয়েছেন। একইভাবে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালেও একজনকে ‘তদারকি’র কাজে নিয়োগ করেছেন চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ। একইভাবে হাসপাতালে একজন প্রতিনিধি দিয়েছেন সপ্তগ্রামের বিজেপি বিধায়কও। এনিয়ে বিতর্ক শুরু হয়েছে। উত্তরপাড়ার বিধায়ক তাঁর চিঠিতে তাপস দেব নামে এক ব্যক্তিকে হাসপাতালের কাজ ‘তদারকি’র দায়িত্ব দিয়ে সুপারকে সহযোগিতা করতে বলেছেন। তাপসবাবু বিজেপি নেতা। অতীতে উত্তরপাড়া-মাখলা মণ্ডলের সভাপতি ছিলেন। এনিয়ে সমালোচনায় সরব হয়েছে বামেরা। যদিও দীপাঞ্জনবাবু বলেন, ‘ওই ব্যক্তি হাসপাতালের প্রশাসনিক কাজে নাক গলাবেন না। বিধায়ক হিসাবে সবসময় আমার পক্ষে হাসপাতালে যাওয়া সম্ভব হয় না। আমার প্রতিনিধি হিসাবে তিনি হাসপাতাল প্রশাসন ও রোগীর পরিবারের সঙ্গে সমন্বয়ের কাজ করবেন। নাগরিকদের সুবিধার জন্যই এই বন্দোবস্ত করা হয়েছে। এতে বিরোধীদের গাত্রদাহ কেন হচ্ছে, সেটাই বুঝছি না।’ জেলা স্বাস্থ্য প্রশাসন অবশ্য এসব নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি। তবে রাজনৈতিক মহলের একাংশের দাবি, হাসপাতালে দলীয় প্রতিনিধি বা বিধায়ক প্রতিনিধি নিয়োগ করা কোনো নতুন ঘটনা নয়। অতীতেও এই ধরনের প্রতিনিধি বিভিন্ন হাপসাতালে থাকতেন। কার্যত একটি অলিখিত ‘প্রথা’ হিসাবে তা হুগলি জেলায় চালু আছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ