Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের মণীশ শুক্লা হত্যা মামলা ‘ওপেন’ করার দাবি বিজেপি বিধায়ক কৌস্তভের

বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী মণীশ শুক্লা হত্যা মামলা আবার ওপেন করার ঘোষণা করেছেন। দোষীদের খুঁজে বের করার জন্য নতুন তদন্তের দাবি। বিস্তারিত পড়ুন।

ফের মণীশ শুক্লা হত্যা মামলা ‘ওপেন’ করার দাবি বিজেপি বিধায়ক কৌস্তভের
  • ১১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্লা হত্যা রহস্যের আজ পর্যন্ত কিনারা হয়নি। সেই মামলা আবার ‘ওপেন’ করা হবে বলে জানিয়ে দিলেন বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী। এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ২০২০ সালের ৪ অক্টোবর প্রকাশ্যে খুন করা হয়েছিল মণীশ শুক্লাকে। ঘটনার পরে যেসব নেতাদের নামে এফআইআর হয়েছিল, তদন্তে তাদের নাম বাদ দেওয়া হয়। আমাদের সন্দেহ, যাদের গ্রেপ্তার করা হয়েছিল, তারা আদৌ ঘটনায় জড়িত কি না। প্রকৃত খুনিদের এবং মাস্টারমাইন্ডদের খুঁজে বার করতে হবে। পাঁচ বছরের বেশি হয়ে গেল আজ পর্যন্ত মামলা শেষ হয়নি। কারও সাজা হয়নি। সেদিন টিটাগড় থানার সামনে খুন হয়েছিলেন মণীশ। শরীরে ১৯টি গুলি লেগেছিল। তাঁর মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছিল বারাকপুর। ওই ঘটনায় বিহারের মাফিয়া সুবোধ সিং সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে সুবোধ সিংকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। বাকি অভিযুক্তরা জেলে। কিন্তু মামলা সেভাবে এগোয়নি। মণীশের বাবা চন্দ্রমণি শুক্লার অভিযোগের ভিত্তিতে সরকারি আইনজীবীকে বদল করে দেওয়া হয়। নতুন সরকারি আইনজীবী নিয়োগ করা হয়েছে। মামলা প্রসঙ্গে বারাকপুরে নবনির্বাচিত বিধায়ক কৌস্তভ বাগচী বলেন, বর্তমানে যারা জেলে রয়েছে তাঁরা আদৌ দোষী কি না আমার সন্দেহ আছে। দু তিনজন তৃণমূল নেতা এই খুনের পিছনে রয়েছে। তাদের নাম এফআইআর-এ ছিল। পরে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমরা এই মামলা আবার নতুন করে ওপেন করব। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের আবার তদন্তের আওতায় নিয়ে আসতে হবে। প্রকৃত খুনি এবং এই খুনের পিছনে থাকা মাস্টারমাইন্ড খুঁজে বের করে সাজা দিতে হবে। বিধায়কের এই মন্তব্যে সন্তোষ প্রকাশ করেছেন চন্দ্রমণি শুক্ল। তিনি বলেন, আমি আদালতের দরজায় দৌড়ে বেরিয়েছি। এখনও সম্পূর্ণ বিচার পাইনি। আমি চাই, দোষীদের কঠোর সাজা দেওয়া হোক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ